বন্যার পানি নামলেও ঋণের বোঝায় ডুবছে মানুষ
পলেস্তারাহীন ইটের গাঁথুনির দেয়াল আর টিনের ছাউনির ঘর। বাঁশের খুঁটি পুঁতে টিন দিয়ে বারান্দা তৈরি করা হয়েছে। বারান্দার খুঁটিতে টানানো দড়িতে কাপড় ঝুলছে। চার দিন আগেও এই বারান্দা আর ঘরের ভেতর হাঁটুসমান পানি ছিল। এ অবস্থায় ওই বাড়ির লোকজন আরেক গ্রামে চলে গিয়েছিলেন। সপ্তাহখানেক পর গত সোমবার বাড়ির লোকজন ফিরে দেখলেন, বানের পানিতে ঘরের সবকিছু তছনছ হয়ে গেছে।
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুজাতপুর গ্রামে বাড়িটির অবস্থান। শমসের আলী ও তাঁর দুই ভাই মিলে আধা পাকা ঘরটি বানিয়েছেন। তিনটি কক্ষ নিয়ে ওই বাড়ি। এসব কক্ষে আলাদাভাবে স্ত্রী-সন্তান নিয়ে তাঁরা থাকেন। কখনো দিনমজুর আবার কখনো রিকশাচালক, এটাই তিন ভাইয়ের পেশা। তবে বানের পানিতে কর্মহীন হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তাঁরা। এখন বাড়িঘর মেরামত করতেও অর্থের প্রয়োজন। অথচ তাঁদের হাতে কোনো টাকা নেই।
গতকাল বুধবার শমসের আলীদের বাড়ি ঘুরে দেখা গেছে, ঘরের ভেতরের কাদামাটি সরিয়ে নতুনভাবে ঘর গোছাতে ব্যস্ত নারীরা। কাঠের আসবাবে শেওলা লেগে আছে। ঘরের মেঝেতে পাটের বস্তা দিয়ে চলাচল করছেন সবাই। বাড়ির উঠানে এখনো পানি জমে আছে। সেখানে জেগে উঠেছে ঘাস আর লতাপাতা। বন্যার পানির তোড়ে ভেসে আসা কচুরিপানাও এখানে শিকড় ছেড়েছে।
তিন ভাইয়ের মধ্যে শমসের আলী বড়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। ছেলে দুটো প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, মেয়েটি এখনো মায়ের কোলে। শমসের জানান, ইঞ্জিনচালিত রিকশা কেনার জন্য বন্যার আগে ৬৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বন্যার কারণে তাঁর রিকশা চালানো বন্ধ হয়ে আছে। হঠাৎ করে উপার্জন বন্ধ হওয়ায় ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে তিনি বিপাকে আছেন।
মেজ ভাই শমশেদ আলীর (৩৫) সংসারে আছেন স্ত্রী শাহেনা বেগম (৩২) এবং চার ছেলে। ছেলেরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। শমসের ও শাহেনা জানান, ঘরে পানি ঢোকার পরও তাঁরা দুই দিন ঘরের ভেতরে ছিলেন। পরে পানি আরও বাড়লে তাঁরা পাশের গ্রামে আশ্রয় নেন।
শমশেদ আলী বলেন, বাড়ি ফেরার পর দেখেন, কাঁচা মাটির মেঝে স্থানে স্থানে দেবে গেছে। এসব সংস্কার করতে অনেক টাকার দরকার। কিন্তু সঞ্চয় বলতে কিছুই নেই। প্রতিদিনের খরচ মেটানোই কষ্টকর হয়ে পড়েছে। বন্যাকবলিত হলেও তখন কোনো ত্রাণ পাননি। বন্যার সময় ধার করে সংসার চালিয়েছেন। এখন ধারের টাকা পরিশোধ করার বোঝাও এসেছে মাথায়।
ছোট ভাই আখলিস আলী (২৮) বিয়ে করেছেন অল্প কয়েক মাস আগে। বিয়েতে নতুন কিছু আসবাব উপহার পেয়েছিলেন। বানের পানিতে ভিজে এসব আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ঘরের মাটিও পানিতে সরে গেছে।
আখলিসের স্ত্রী জাহেরা আক্তার (২২) জানান, তাঁর স্বামী রিকশা চালান। ঘরে পানি ওঠায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। এ অবস্থায় স্বামী কাজেও যেতে পারছেন না। ফলে ধারদেনা করে চলতে হচ্ছে। দুই দিন আগে বাড়ি ফিরে দেখেন, ঘরে কাদামাটি থিকথিক করছে। এখন বস্তা বিছিয়ে ঘরের কাজ করছেন। ঘরের সবকিছু পুনরায় গুছিয়ে স্বাভাবিক করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।
সুজাতপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরমা নদী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গ্রামের অবস্থান। বানের পানিতে এ গ্রামও প্লাবিত হয়েছিল। এ অবস্থায় তখন অনেক পরিবার আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। পানি নেমে যাওয়ায় সবাই পুনরায় বাড়ি ফিরেছেন। তবে বন্যা শেষে বাড়ি ফেরার পর নতুন করে দুর্ভোগ শুরু হয়েছে তাঁদের। প্রতিটি বাড়িতেই এখনো কাদামাটি জমে আছে। বেশির ভাগ ঘরের বেড়া ও মেঝের মাটি সরে গেছে।
সুজাতপুর গ্রামের বেশির ভাগ মানুষ নিম্ন আয়ের বলে জানা গেছে। বন্যার সময় থেকে তাঁদের উপার্জন বন্ধ থাকায় তাঁরা ধারদেনা করে চলছেন। এখন ঘরবাড়ি সংস্কারের জন্য অর্থসংস্থান নিয়ে তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।