বন্যার পানিতে বই ভিজে গেছে জাকিয়ার, ভেসে গেছে নোটখাতা
বন্যার পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া নিজের বই আর খাতা রোদে শুকাতে দিয়েছিল জাকিয়া আক্তার। একটু পর পর সে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে দিচ্ছিল। জাকিয়া মানবিক বিভাগের ছাত্রী। সিলেটের কোম্পানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দেবে।
গত শনিবার দুপুরে জাকিয়া আক্তারের সঙ্গে কথা হয়। সে জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদের শাখা জাহাজখালী নদীর পাড় ঘেঁষেই অবস্থিত পশ্চিম বুড়দেও গ্রামে তাদের বাড়ি। ১৫ জুন বন্যার পানি এসে মুহূর্তেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। এক রাতের ব্যবধানে কোমরসমান পানি হয়। পরে গলাপানিও হয়। এতে তার বই আর নোটখাতাও ভিজে নষ্ট হয়ে যায়। অনেক নোটখাতা আবার পানিতে ভেসেও গেছে।
জাকিয়ার বড় ভাই হোসাইন আহমদ কোম্পানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, বন্যার পানি ঘরে উঠার পর ১৬ জুন তাঁদের ১০ সদস্যের পরিবারটি জামেয়া রহমানিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। পানি ঘর থেকে নেমে যাওয়ায় তাঁরা বাড়ি ফেরেন ৩০ জুন। বাড়ি ফিরে দেখেন আসবাবপত্র, লেপ-তোশক, কাপড়চোপড়, বইপত্র সব ভিজে বিনষ্ট হয়ে গেছে।
পানিতে ভিজে যাওয়া বইপত্র শুকিয়ে নতুনভাবে পড়াশোনা শুরুর চেষ্টা করছে জাকিয়া আক্তার। সে বলে, বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। কিছুদিন পরই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ভিজে যাওয়া বই আর খাতাগুলো রোদে শুকিয়ে পড়ার উপযোগী করার চেষ্টা করছে। তবে অনেক বই আর নোটখাতা পানিতে ভেসে গেছে। নোটখাতাগুলো আর ফিরে পাওয়া যাবে না, এটাই ভোগাবে বেশি।