বন্যার পানিতে হুইলচেয়ার ঠেলে চলতে যত দুর্ভোগ সালামের
ঘরে-বাইরে বন্যার পানি। তাতে ভাসছে ময়লা-আবর্জনা। নোংরা পানি থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে। আধা পাকা টিনশেডের তৈরি ঘর থেকে দুই হাতে হুইলচেয়ার ঠেলে পানি মাড়িয়ে শুকনা স্থানে এলেন ৪০ বছর বয়সী আবদুস সালাম। পানি থাকায় হুইলচেয়ার ঠেলতে গিয়ে তাঁকে যথেষ্ট বেগও পেতে হয়। পরে তাঁর সঙ্গে সিলেটের ওসমানীনগর উপজেলার কাসিয়াকাপন গ্রামে কথা হয় তাঁর সঙ্গে।
আবদুস সালাম বলেন, তাঁর নিজের জায়গা নেই। তাঁর স্ত্রী নাজমা বেগম (৩০) গৃহপরিচারিকার কাজ করেন। তাঁদের দুই ছেলে। ১৫ বছর আগে সুপারিগাছ থেকে পড়ে সালামের মেরুদণ্ড ভেঙে যায়। এতে তিনি শারীরিকভাবে পঙ্গু হয়ে যান। শুরু হয় তাঁর আরেক জীবনসংগ্রাম।
আলাপে আলাপে আবদুস সালাম বলেন, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি কোনো ভাতা পাচ্ছেন না। এখন এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে টানা সাত দিন ধরে পানিবন্দী। প্রতিবন্ধী হওয়ায় এক বছর আগে একজন তাঁকে একটি অটোরিকশা উপহার দেন। এর ভাড়া বাবদ দৈনিক তাঁর আয় হয় ১০০ থেকে ২০০ টাকা। এখন বন্যার পানিতে আশপাশের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অটোরিকশাও ভাড়া নেন না চালক।
আবদুস সালামের বড় ছেলে রিয়াদ আহমদ (১৮) গাড়িচালকের সহকারী হিসেবে কাজ করেন। ছোট ছেলে ফরহাদ আহমদ (১৫) একটি পরিবহন কোম্পানির মালামাল ওঠানো-নামানোর কাজ করে। তবে পানি আসায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় তারাও বেকার হয়ে পড়েছে। একে তো পানিবন্দী, এর মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন তাঁরা। এর মধ্যে প্রতি মাসে তাঁদের ঘরভাড়া বাবদ সাত হাজার টাকা দিতে হয়। এখন স্ত্রী ও দুই ছেলে হঠাৎ বেকার হয়ে পড়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। তিনি বলেন, ‘ই-রকম পানি জীবনেও দেখছি না। সামনের দিন যে কী হবে, বুঝতেছি না!’