বন্যার হাত থেকে দিনাজপুর শহর রক্ষা কর বেকে?
গত বছরের ১১ আগস্ট থেকে শুরু হয় টানা বৃষ্টি। আইনজীবী খুরশিদা পারভীন ১২ আগস্ট রাতে সব কাজ শেষে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখেন ঘরের ভেতর পানি। দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লার বাসিন্দা তিনি।
শুধু খুরশিদা পারভীন নন, আকস্মিক ওই বন্যায় শহরের প্রায় ৩ হাজার বাড়িঘর বন্যার পানিতে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত হয় ১৫০ কিলোমিটার সড়ক। দিনাজপুর জেলা শহর বিচ্ছিন্ন থাকে তিন দিন। ভয়াবহ ওই বন্যার কারণগুলো চিহ্নিত হয়েছে। কিন্তু আট মাসেও কারণগুলো দূর করার কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো বলছে, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, বরাদ্দ পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত ২০০ বছরের মধ্যে এ ধরনের ভয়াবহ বন্যার সম্মুখীন হননি দিনাজপুরবাসী। বন্যায় শহরের পাটুয়াপাড়া, গোলাপবাগ, গোবরাপাড়া, পিটিআই মোড়, পুলহাট, কাঞ্চন মোড়, সুইহারি, লালবাগ এলাকা পানিতে তলিয়ে যায়।
শহর ডোবার কারণ
পাউবো বলছে, দিনাজপুর শহরের তিন দিক দিয়ে বয়ে গেছে তিনটি নদী। পূর্বে আত্রাই, পশ্চিমে পুনর্ভবা ও উত্তরে ঢেপা নদী। সঙ্গে আছে ঘাগরা ও গিরিজা খাল। ঘাঘরা খালটি কাহারোলে শুরু হয়ে বাস টার্মিনাল হয়ে শহরের মাঝ দিয়ে পাউবো কার্যালয় এলাকা দিয়ে পুনর্ভবা নদীতে গিয়ে মিশেছে। গিরিজা খালটি শহরের কালীতলা থেকে শুরু হয়ে পাটুয়াপাড়া, বালুয়াডাঙ্গা হয়ে কসবা এলাকায় পুনর্ভবা নদীতে মিশেছে। শহরের পূর্ব দিকে চাটগাঁও থেকে কাউগা পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার বাঁধ। আর শহরের পশ্চিম দিকে রয়েছে গোসাইপুর থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার বাঁধ।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, এসব নদী ও খাল দীর্ঘদিন খনন বা সংস্কার না করায় ভরাট হয়ে গেছে। আর খালের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে শহরের পানিনিষ্কাশনের পথ। এ ছাড়া শহর রক্ষা বাঁধ দখল করে স্থাপনা নির্মাণ করায় অনেক জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। ফলে নদীতে বাড়ি বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে বন্যার পানি ঢুকে পড়ে শহরে।
৭ মার্চ সরেজমিনে ঘাগড়া ও গিরিজা খালের বেশির ভাগ জায়গা ভরাট দেখা যায়। কোথাও কোথাও খালের পানি উপচে রাস্তা, গলি ও নালায় চলে গেছে। খালে নির্মাণ করা হয়েছে শত শত স্থাপনা, এমনকি বহুতল ভবনও। পাউবো কার্যালয়ের পাশে শহর রক্ষা বাঁধের দুই ধারে অসংখ্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটি বাঁধ না আবাসিক এলাকা, দেখে বোঝার উপায় নেই।
বন্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেই
পাউবো বলছে, বন্যায় শহর রক্ষা বাঁধের ৫৮টি স্থানে ভেঙে গেলেও এখন পর্যন্ত মেরামত করা হয়েছে মাত্র ৬টি। পুর্নভবা, ঢেপা ও গর্ভেশ্বরী নদী খননের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া যায়নি। শহর রক্ষার দুটি বাঁধে প্রায় ১ হাজার ২০০ জন অবৈধ দখলদারের তালিকা করে জেলা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। তবে উচ্ছেদের উদ্যোগ নেই।
পৌরসভা বলছে, গিরিজা ও ঘাঘরা খাল খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বহুবার আবেদন-নিবেদন করা হয়েছে, বরাদ্দ পাওয়া যায়নি। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, ঘাঘরা খালে ৩৭৫ জন ও গিরিজা খালে ২৪৫ জন অবৈধ দখলদার রয়েছে।
বন্যায় সড়ক ও জনপথ বিভাগের ১১৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। টাকার অঙ্কে যার পরিমাণ ১১৯ কোটি। এর মধ্যে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬ কোটি টাকা। সেই সঙ্গে নিয়মিত বরাদ্দের ৪ কোটি দিয়ে মোট ১০ কোটি টাকায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তথ্যমতে, বন্যায় জেলার ২০৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয় ৯২টি সেতু। এখন পর্যন্ত একটি সেতুও মেরামত করা হয়নি।
পাউবো দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান জানান, শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত ৫২টি স্থান মেরামতের জন্য জুনে দরপত্র আহ্বান করা হবে। পুনর্ভবা, ঢেপা ও গর্ভেশ্বরী নদী খননের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। দিনাজপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রথম অলোকে বলেন, বন্যা নিয়ন্ত্রণ, পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। গিরিজা ও ঘাঘরা খাল খননে ৩২ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া যায়নি। স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) দিনাজপুর শাখার সভাপতি বেলাল উদ্দিন শিকদার প্রথম আলোকে বলেন, গত বছর দিনাজপুরে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি মানুষ। কিন্তু পরবর্তী বন্যা থেকে দিনাজপুরকে রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেমন অদক্ষতা, তেমনি জনপ্রতিনিধিদেরও ব্যর্থতা।