বন্যার্তদের মধ্যে এখন পুনর্বাসন নিয়ে দুশ্চিন্তা

বন্যার্ত মানুষ এখন বেশি দুশ্চিন্তায় আছেন নদীভাঙন নিয়ে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন উপজেলার মানুষ নদীভাঙনের শিকার হচ্ছেন।

আমির মুন্সি চৌকির কাঠ বিক্রি করতে এসেছেন লাকড়ি হিসেবে। গত মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাটেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার সময় নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করেছিলেন জালাল উদ্দিন। এটাই তাঁর আপৎকালীন সম্বল। গতকাল বুধবার নৌকায় করে সেগুলো যাত্রাপুর হাটে নিয়ে এসে বিক্রি করেন ১ হাজার ২৭০ টাকা।

কিন্তু জালাল উদ্দিনের এ মুহূর্তে প্রয়োজন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। কারণ, তাঁর বাড়ি ব্রহ্মপুত্র নদের কিনারে পড়েছে। দ্রুত সরিয়ে নিতে না পারলে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে। জালাল এখন ভীষণ দুশ্চিন্তায়।

কুড়িগ্রাম সদর উপজেলায় যাত্রাপুর হাট। সেখানেই কথা হয় জালাল উদ্দিনের সঙ্গে। জানান, তাঁর বাড়ি বতয়াতলীর চরে। এটি পড়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে। গত বছর কালির আলগাচর ভেঙে গেলে তাঁরা ৩২ পরিবার এই চরে এসেছিলেন। কিন্তু এবারের বন্যায় আবার ভাঙনের মুখে পড়ে ছয়টি পরিবার অন্যত্র চলে গেছে।

জালাল বলেন, ‘আমাগো মরণ হইল বাড়ি টানা। প্রত্যেক টানায় ৩০ হাজার টাকা লাগে। গরু, হাঁস, মুরগি বেচে বাড়ি টানি হয়। কিন্তুক বন্যায় নদীভাঙলে চিড়া, মুড়ি, সাবান পাই এই পর্যন্ত। কিন্তু নদীভাঙার কোনো টাকা পাই না।’

জালালের এ দুঃখের বর্ণনা যেন কুড়িগ্রামের বন্যার্ত সব মানুষের চিত্রই তুলে ধরে। যাত্রাপুর হাটে দেখা গেল, বন্যার্ত মানুষের চোখেমুখে হতাশার ছাপ। কেউ এসেছেন খড়ি নিয়ে, কেউ হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে। এসব বিক্রি করে তাঁরা নিজেদের প্রয়োজন মেটাবেন।

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কুড়িগ্রামে এবার বন্যা শুরু হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৯ উপজেলার অন্তত দেড় লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। জুনের শেষ সপ্তাহ থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ জেলার সব নদ–নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে বন্যার্ত মানুষ এখন বেশি দুশ্চিন্তায় আছেন নদীভাঙন নিয়ে। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে মানুষ নদীভাঙনের শিকার হচ্ছেন।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হামিদুল ইসলাম বলেন, এক মাসে তাঁর ওয়ার্ডে অন্তত ১৫০ পরিবার বসতভিটা হারিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নগুলোয় আশ্রয় নিয়েছে। তারা খুব কষ্টে আছে।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা চার ইউনিয়নে এখন পর্যন্ত নদীভাঙনের শিকার পাঁচ শতাধিক পরিবারের তালিকা করেছেন। এসব নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুনর্বাসন সহায়তার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া আংশিক বা পূর্ণ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘরবাড়ি মেরামতে সহায়তা দিতে ইউপি সদস্য ও চেয়ারম্যানরা তালিকা করছেন।

যাত্রাপুর হাটে মোল্লারচর, ঝুনকার চর, খেওয়ার আলগা ও পোড়ারচরের অন্তত ২০ জনের সঙ্গে কথা হয়। তাঁদের ভাষ্য, গত জ্যৈষ্ঠ মাস থেকে তাঁদের হাতে কাজ নেই। বন্যার কারণে তাঁরা ভীষণ সংকটে পড়েছেন। কয়েকটি এনজিও প্রতিনিধির সঙ্গে কথা বলেও এ রকম তথ্য জানা গেছে। তাঁরা জানান, বন্যাকবলিত এলাকাগুলোয় কেউ কেউ সঞ্চয় তুলে নিচ্ছেন। কেউ নতুন করে ঋণের আবেদন করছেন।

যাত্রাপুর হাটে দুই আঁটি লাকড়ি ও তিনটি মুরগি বিক্রি করতে এসেছিলেন ঝুনকারচরের আমির মুনশি ও তাঁর ছেলে মাহবুব। বাড়িতে একটি পুরোনো চৌকি ছিল তাঁদের। মাহবুব বলেন, ওই চৌকি কেটে তাঁরা লাকড়ি হিসেবে বিক্রি করেছেন। চরে এখন সবাই অভাবে আছেন। সবাই কিছু না কিছু বিক্রি করে চলছেন।

জেলা কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বন্যায় কুড়িগ্রাম জেলায় ১৫ হাজার ৮৬১ হেক্টর জমির বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় ৮০ হাজার ৩৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ ১২৭ কোটির বেশি। আর মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৫৪ কোটি টাকা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ্দিন মিঞা প্রথম আলোকে বলেন, তাঁরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষি অধিদপ্তরে পাঠিয়েছেন। তবে এখনো কোনো পুনর্বাসন সহায়তা আসেনি।

গত মঙ্গলবার বিকেলে সরেজমিন যাত্রাপুরের কয়েকটি চর এলাকা ঘুরে ঘুরে জানা যায়, এবার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। ফলে ত্রাণ নিয়ে খুব বেশি হাহাকার নেই। তবে সমন্বয়হীনতার কারণে কিছু এলাকায় অনেকে কয়েকবার করে ত্রাণ পাচ্ছেন। আবার কিছু এলাকায় কেউ ত্রাণই পাননি।