বরগুনার ২৬৬টি লোহার সেতু এখন মরণফাঁদ

রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনার পাঁচ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত ২৬৬টি লোহার সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুগুলো রক্ষণাবেক্ষণের জন্য এখন কোনো পরিকল্পনা নেই সরকারের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে এলজিইডির আওতায় ‘হালকা যান চলাচল প্রকল্পের’ অধীনে এসব সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে ৩৫টি, বেতাগীতে ৪৬, বামনায় ৩৬, পাথরঘাটায় ৬২ ও আমতলী উপজেলায় ৮৭টি সেতু নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০০৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। এরপর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় এসব সেতুর রক্ষণাবেক্ষণ এবং মেরামতে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নির্মাণের পর এসব সেতু রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না নেওয়ায় এরই মধ্যে ৯৫ ভাগ সেতু জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এরপর ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালের আইলায় অধিকাংশ সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেতুগুলোর সিমেন্টের স্লিপার, হাতল ও অবকাঠামো ভেঙে পড়েছে। এ ছাড়া লোহার সেতুর হাতল ও অ্যাঙ্গেলসহ অন্য মালামাল চুরি হয়ে যায়। এলাকার বাসিন্দারা উদ্যোগ নিয়ে বাঁশ, সুপারিগাছ, কলাগাছ দিয়ে কোনো রকম মেরামত করে ঝুঁকি নিয়ে এসব সেতু পারাপার হতে বাধ্য হচ্ছেন। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, বরগুনা সদর উপজেলার উত্তর আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সেতুটির পাটাতন ভেঙে গেছে। পরে স্থানীয় বাসিন্দারা বাঁশ ও তক্তা বিছিয়ে এর ওপর দিয়ে চলাচল করতেন। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে সেতুটি পার হতে গিয়ে গুরুতর আহত হয় উত্তর আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মিতালী।
সদরের ফুলঝুরি ইউনিয়নের পশ্চিম ছোট গৌরীচন্না ফকিরবাড়ি মাদ্রাসাসংলগ্ন সেতুটিরও জরাজীর্ণ অবস্থা। স্থানীয় শিক্ষক মোশারফ হোসেন বলেন, এই সেতুর দুই পারে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এ ছাড়া জেলা সদরে যাওয়ার জন্য এই এলাকার প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে এই সেতুটি ব্যবহার করে।
সদরের দক্ষিণ বদরখালী গ্রামের শরিফিয়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সেতুটির সবগুলো পাটাতন ভেঙে গেছে। কলাগাছ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পারাপার হচ্ছে। একই এলাকার ছোট বদরখালী খাল, খাজুরতলা রাস মন্দিরসংলগ্ন খাল, গর্জনবুনিয়া ভূমি কার্যালয়সংলগ্ন খাল, নলী-সাজিমারা খাল, পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন খাল, বাইশতবক মাদ্রাসাসংলগ্ন খালের ওপর নির্মিত সেতুগুলোর জরাজীর্ণ অবস্থা।
আমতলী উপজেলার কচুপাত্রা বাজারসংলগ্ন কচুপাত্রারদোন নদীর ওপর নির্মিত সেতুটি ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যাওয়ার পর চার বছরেও পুনর্নির্মাণ করা হয়নি। ফলে ওই এলাকার তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলার দক্ষিণ ঘোপখালী খালের ওপর নির্মিত সেতুটি সিডরে বিধ্বস্ত হওয়ার আট বছর পরেও সংস্কার হয়নি।
এলজিইডি বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা বলেন, এসব সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন করে এই সেতু নির্মাণ বা মেরামত করার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখাচ্ছে না। এই সেতুর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মালামাল দেশে সহজলভ্য নয়। এ জন্য নতুন সেতু নির্মাণ করার সময় ঠিকাদারেরা পুরোনো লোহার পিলার, অ্যাঙ্গেল ও অন্য মালামাল ব্যবহার করে যেনতেনভাবে কাজ সম্পন্ন করেন। এতে অনেক অর্থ অপচয় হয়। এসব বিবেচনা করে নতুন করে আর লোহার সেতু নির্মাণ এবং মেরামত করার সিদ্ধান্ত বাতিল করে কর্তৃপক্ষ। বর্তমানে এসব স্থানে নতুন করে আরসিসি সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়ার চিন্তাভাবনা চলছে।
এলজিইডি বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সৃষ্টির জন্য এসব সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণ না হওয়ায় এগুলোর বেশির ভাগ চলাচলের অনুপযোগী। আপাতত এসব সেতু মেরামতের কোনো প্রকল্প নেই। তবে এসব স্থানে ভারী সেতু নির্মাণের জন্য একটি প্রকল্পের কথা হচ্ছে।