বরগুনায় এলজিইডির এক কর্মচারীকে চাকরিচ্যুত, দুই কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলার মানচিত্র

ঘুষ নেওয়ার অভিযোগে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কর্মচারীকে চাকরিচ্যুত ও দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হোসেন আলী মীর।

চাকরিচ্যুত হওয়া ব্যক্তি হলেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ওয়ার্কশপ ইনচার্জ (ফোরম্যান) মো. জিয়াউর রহমান। আর বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন বরগুনা সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান ও আমতলী উপজেলা প্রকৌশল কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির। তবে তাঁরা দাবি করছেন, টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়, ষড়যন্ত্র করে তাঁদের ফাঁসানো হয়েছে।

এই তিনজনের ঘুষ নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য–প্রমাণের ভিত্তিতে গতকাল শনিবার প্রথম আলো অনলাইন সংস্করণ ও আজ রোববার ছাপা সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার সময়ের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মিজানুর রহমান দাবি করেন, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে টাকা নেওয়ার যে দৃশ্য দেখা গেছে, তা ঈদের বোনাস ও বেতনের টাকা। ভিডিওটি অসত্য। ষড়যন্ত্র করে তাঁদের ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে এলজিইডি বরগুনা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়ায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং দুজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন