বরগুনায় নৌকার নির্বাচনী ক্যাম্পের কাছে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকার বিআরটিসি বাসস্ট্যান্ডে নৌকার অস্থায়ী নির্বাচনী ক্যাম্পের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ দাবি করেছে, ককটেল বিস্ফোরণের কথা বলা হলেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চরকলোনি এলাকায় বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকার ৫০০ গজ পশ্চিম দিকে চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব মাথায় পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, দুই অজ্ঞাতনামা যুবক হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। বাসস্ট্যান্ডসংলগ্ন ব্যবসায়ী মশিউর রহমান জানান, হঠাৎ তিনি বিকট শব্দ শুনতে পান। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে সদর থানার পুলিশের একটি দল ছুটে আসে।

খবর পেয়ে আওয়ামী লীগ নেতা-কর্মী ও নৌকার সমর্থকেরা ওই এলাকার মিছিল নিয়ে এসে নির্বাচনী প্রচার ক্যাম্পে অবস্থান নেন। এ সময় তাঁরা এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সভা করেন।

ওই সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শাহাদাত হোসেনের ভাড়াটে সন্ত্রাসীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। প্রতিবাদ সভায় আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী কামরুল আহসান উপস্থিত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মেয়র শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘যেখানে আমি নিজেই প্রচারণা চালাতে পারছি না, সেখানে আমার ভাড়াটে সন্ত্রাসী কোথা থেকে আসবে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করি না।’

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে বলা হলেও তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে খুঁজে বের করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি বরগুনা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।