বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার, হামলার ঘটনায় মামলা
বরগুনায় পরিবহন শ্রমিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বরগুনা থানায় মামলাটি করেন বাসমালিক বাবুল মিয়া।
এদিকে মামলার পর অভ্যন্তরীণ পথের বাস ধর্মঘট প্রত্যাহার করে জেলা বাসমালিক সমিতি। আজ শনিবার সকাল থেকে জেলার সব পথে বাস চলাচল শুরু হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, গতকাল সকালে বেতাগী বাসস্ট্যান্ড থেকে বরগুনার উদ্দেশে তাঁর মালিকানাধীন বাসটি রওনা হয়। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার ফুলঝুড়ী ইউনিয়নের সিকদারবাড়ির সামনে পৌঁছানোর পর আসামিরা বাসের গতিরোধ করেন। তাঁরা রড, রাম দা, ছেনা নিয়ে হামলা করে বাস ভাঙচুর করেন। এতে ২ লাখ ২১ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বরগুনা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেন বলেন, ‘বরগুনা-বেতাগী সড়কে মাহেন্দ্র, ব্যাটারিচালিত ইজিবাইকের চালকেরা জড়ো হয়ে আমাদের সমিতির সদস্য বাহাদুর মিয়াসহ অন্য শ্রমিকদের মারধর করেছেন। মামলা হওয়ায় আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, মালিক-শ্রমিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০২১ সালের ২৬ অক্টোবর জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা জেলার সব সড়কে সকাল সাড়ে সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত ভাড়াচালিত মোটরসাইকেল, মাহেন্দ্র, অটোরিকশা, ইজিবাইক, অননুমোদিত যানবাহন চলাচল করতে পারবে না। তবে এসব সড়কে বর্তমানে মোটরসাইকেল, মাহেন্দ্র, অটোরিকশা, ইজিবাইক চলাচল বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ বাসমালিক সমিতির।