বরগুনায় বৃদ্ধকে মারধর, ভিডিও ভাইরাল
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রতিবেশী গ্রামের এক মেয়েকে বিয়ে করেন নিপু আকন। এ বিয়ে মানছে না মেয়েটির পরিবার। এর জেরে নিপুর ৭৫ বছর বয়সী বৃদ্ধ বাবা হামেদ আকনকে মারধর করেছে ওই মেয়ের পরিবার।
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে গতকাল শনিবার বিকেলে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন ওই বৃদ্ধের পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের হামেদের ছেলে নিপু ও পার্শ্ববর্তী কুলইরচর গ্রামের রাজ্জাক মোল্লার মেয়ে মনিরার মধ্যে ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু এ বিয়ে মেয়ের বাবা রাজ্জাক মোল্লা মেনে নেননি। ১৫ দিন আগে রাজ্জাক তাঁর মেয়েকে একই গ্রামের রিয়াজ চৌকিদারের কাছে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন মনিরা রিয়াজকে জানিয়ে দেন, নিপু আকনের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গেছে। এরপরও মনিরার বাবা রিয়াজের সঙ্গে তাঁকে বিয়ে দিতে উঠেপড়ে লাগেন।
নিরুপায় হয়ে স্বামী নিপুর সঙ্গে ২২ মে বাড়ি থেকে অন্যত্র চলে যান মনিরা।
এ ঘটনার জের ধরে গতকাল বিকেলে মনিরার ভগ্নিপতি জিরাত আকন, রিয়াজ চৌকিদার ও আসিব নিপুর বাড়িতে যান। বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। নিপুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা হামেদকে তুলে নিয়ে আসেন। পরে তাঁকে মারধর করা হয়। ভিডিওতে দেখা যায়, দুজন হামেদকে থাপ্পড় মারছেন। একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন হামেদ। লাঠি নিয়ে তাঁর পিছু নেন মেয়ের বাড়ির লোকজনও। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হামেদের পরিবারের সদস্যদের দাবি, পালিয়েও রেহাই পাননি হামেদ। আবার তাঁকে বেধড়ক মারধর করেন জিরাত আকন ও তাঁর লোকজন। হামেদকে রক্ষায় পুত্রবধূ তানিয়া আক্তার এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে হামেদকে স্বজনেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনার সঙ্গে জড়িত জিরাত আকন, রিয়াজ চৌকিদার, রাজ্জাক মোল্লা ও আসিবের শাস্তি দাবি করেছেন হামেদের পরিবার ও এলাকাবাসী।
নিপু আকন বলেন, ‘আমরা বিয়ে করেছি। কিন্তু আমাদের বিয়ে মনিরার পরিবার মেনে নেয়নি। উল্টো তারা মনিরাকে রিয়াজ চৌকিদারের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করে। উপায় না পেয়ে আমরা ২২ মে পালিয়ে এসে সংসার শুরু করেছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিরার ভগ্নিপতি, রিয়াজ চৌকিদারসহ তিন-চারজন আমার বাবাকে নির্মমভাবে মারধর করেছে।’
রাজ্জাক মোল্লা বলেন, ‘আমার মেয়েকে নিপু আকন তুলে নিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমার জামাতা ও নাতি নিপুর বাড়িতে গিয়ে তাঁর বাবার কাছে জানতে চেয়েছে। ওই সময় একটু কথা–কাটাকাটির ঘটনা ঘটেছে।’ তবে বাবার অভিযোগ অস্বীকার করে মনিরা আক্তার বলেন, ‘আমি আমার স্বামী নিপুর সঙ্গে এসেছি। আমাকে সে তুলে আনেনি। ২০২০ সালের ৯ মার্চ ৭ লাখ টাকা কাবিনে কাজী অফিসে আমাদের বিয়ে হয়।’
বৃদ্ধকে মারধর করা নিয়ে একটি অভিযোগ পেয়েছেন জানিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, দুই পক্ষের সমঝোতার সম্ভাবনা রয়েছে। যদি সেটা না হয়, তাহলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।