বরগুনায় শোবার ঘর থেকে ডিম, বাচ্চাসহ গোখরা সাপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলার মানচিত্র

বরগুনা সদর উপজেলায় একটি বাড়ির শোবার ঘর থেকে ২৬টি ডিম, আটটি বাচ্চাসহ একটি বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ঢলুয়া গ্রামের কামাল হোসেনের ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।

কামাল হোসেন বলেন, সকালে ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান তিনি। ওই গর্তের মুখে সদ্য ত্যাগ করা সাপের একটি খোলস পড়ে ছিল। এরপর দুপুরে একজন সাপুড়ে বাড়িতে এসে ঘরের মেঝের ওই গর্ত খোঁড়া শুরু করেন। একপর্যায়ে গর্তে একটি বিষধর সাপ পাওয়া যায়। এরপর গর্ত থেকে সাপের ডিম ও বাচ্চা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ডিমগুলো ধ্বংস করা হয়েছে এবং সাপটিকে নিয়ে গেছেন।

স্থানীয় লোকজন জানান, কামালের ঘরে সাপ ও বাচ্চা রয়েছে এমন খবর শুনে অনেকেই সেখানে ভিড় করেন। এলাকায় প্রায়ই এ প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। আশপাশে আরও সাপের বাচ্চাসহ বড় সাপও থাকতে পারে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন আতঙ্কিত।

সাপুড়ে মালেক ফকির বলেন, উদ্ধার হওয়া মা সাপটি প্রায় সাড়ে ৫ ফুট লম্বা। দুই–তিন দিনের মধ্যেই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ত। ইতিমধ্যে আটটি ডিম ফুটে বাচ্চা সাপ বেরিয়েছিল। বাচ্চা সাপসহ ডিম নষ্ট করে মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয় একটি স্কুলের শিক্ষক শাহিদা খাতুন বলেন, সাপটি গোখরা প্রজাতির। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপ নামেই মানুষ বেশি চেনে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি ডিমের আশপাশে অবস্থান করে। বিষধর এই জাতের সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে।