জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার প্রবেশিকা অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ক্যাম্পাসে জহির রায়হান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান উপাচার্য ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ছাত্র সংসদের মাধ্যমে রাজনীতি করবেন। রাজনীতি হবে আদর্শভিত্তিক। ছাত্র সংসদের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁদের মতামত, সমর্থন কিংবা বিরোধিতার প্রয়োজন আছে। সামরিক শাসনামলে ছাত্ররাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু হয়। এর থেকে বেরিয়ে আসতে হলে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আজ থেকে অনেক বছর আগে তোমাদের মতো তরুণ দুই বিজ্ঞানপ্রেমী সত্যেন বোস ও মেঘনাদ সাহা জার্মান ভাষা শিখে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি বইয়ের ইংরেজি অনুবাদ করেছিলেন। সেই শক্তি তোমাদের মধ্যেও আছে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক রাশেদা আখতার, প্রক্টর তপন কুমার সাহা। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক নতুন শিক্ষার্থীদের নাম বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য উপস্থাপন করলে নিজ নিজ অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকেরা তাঁদের বরণ করেন।
এদিকে, স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচ গুণ বাড়ানো হবে, অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল এবং তাঁকে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ। নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে অর্থমন্ত্রীর আগমন উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করেন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।