বরযাত্রী যাওয়া হলো না সালাম–বেবী দম্পতির
বন্ধুর ছোট ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাওয়ার কথা ছিল সালাম-বেবী দম্পতির। তাই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হাবলুর হাটের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত বরযাত্রী যাওয়া হয়নি তাঁদের। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ওই দম্পতি।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে ওই দম্পতি বটতলী বাজারসংলগ্ন স্কুলের সামনে একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন আবদুস সালাম (৩৪)।
পিকআপের পেছনের চাকা সালামের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বেবী আক্তারকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সালাম পেশায় একজন কৃষিশ্রমিক।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত দম্পতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।