বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীক বরাদ্দের আগেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে
ছবি: পোস্টার থেকে নেওয়া

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বচানের তফসিল ঘোষণা হলেও এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দ করা হয়নি। কিন্তু এর আগেই সম্ভাব্য একজন চেয়ারম্যান প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দিয়ে খেজুরগাছ প্রতীকে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, ৭ জুন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৮ জুন মনোনয়নপত্র দাখিল, ৩০ জুন মনোনয়নপত্র বাছাই, ৭ জুলাই প্রার্থিতা প্রত্যাহার, ৮ জুলাই প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়।

তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম গত বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দেন। এর পর থেকে তিনি নিজ ফেসবুক আইডি থেকে খেজুরগাছ প্রতীকে ভোট চাইছেন। একই সঙ্গে তাঁর সমর্থকদেরও প্রচারণা চালাতে দেখা গেছে।

জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা নাগরিক ফোরামের আহ্বায়ক নুরুল হক বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারেন না। জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে একজনকে নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচারণা চালাতে দেখা গেছে।

অতি উৎসাহী হয়ে কর্মীরা প্রচারণা চালিয়েছেন বলে জানিয়েছেন সদ্য জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দেওয়া সৈয়দ তালহা আলম। তিনি বলেন, ‘তাঁদের প্রতীক ব্যবহার করে প্রচারণা চালাতে নিষেধ করেছি।’

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ‘বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারেন না। আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।’