বরাদ্দের টাকা আত্মসাৎ, জেলা প্রশাসনে অভিযোগ
বরগুনা সদর উপজেলার দুটি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মধ্যে টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই টাকা আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সহায়তাবঞ্চিত এক ব্যক্তি।
১০ আগস্ট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন আবদুস সালাম নামের এক ব্যক্তি। তিনি উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামের বাসিন্দা। জানতে চাইলে আবদুস সালাম বলেন, তাঁর মতো গরিব মানুষেরা টাকা পাননি। অথচ এলাকার মৃত ব্যক্তির নামেও টাকা তোলা হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেয়াজ সেলিম ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
বরগুনা সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় ১০টি ইউনিয়নে ওই টাকা বিতরণ করা হয়েছিল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৪৯ হাজার ২৮৮টি দুস্থ পরিবারকে ভিজিএফ চালের পরিবর্তে ৪৫০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বদরখালী ইউনিয়নে ১৩ লাখ ৬ হাজার ৭০০, গৌরিচন্না ইউনিয়নে ২৪ লাখ ৩৫ হাজার ৯৫০, ফুলঝুরি ইউনিয়নে ১১ লাখ ৬১ হাজার ৯০০, কেওড়াবুনিয়া ইউনিয়নে ১৫ লাখ ৬১ হাজার ৯৫০, আয়লা পাতাকাটা ইউনিয়নে ১৭ লাখ ৪০ হাজার ৬০০, বুড়িরচর ইউনিয়নে ২৫ লাখ ৯৯ হাজার ২০০, ঢলুয়া ইউনিয়নে ২২ লাখ ৬১ হাজার ২৫০, বরগুনা সদর ইউনিয়নে ১৮ লাখ ১২ হাজার ১৫০, এম বালিয়াতলী ইউনিয়নে ২৫ লাখ ৩২ হাজার ৬০০, নলটোনা ইউনিয়নে ১৭ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা বিতরণ করা হয়। উপজেলায় মোট ২ কোটি ১৫ লাখ ৭ হাজার ৩০০ টাকা বরাদ্দ করা হয়।
জেলা প্রশাসককে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে এম বালিয়াতলী ইউনিয়নের ৫ হাজার ৬২৮ জনের জন্য বরাদ্দ আসে। গত ১১ মে ওই টাকা বিতরণ করা হয়। অভিযোগকারী আবদুস সালাম টাকা বিতরণের তালিকা (মাস্টাররোল) যাচাই করেন। এর মাধ্যমে জানতে পারেন, ৪৫০ টাকা করে বরাদ্দ এলেও তিনিসহ ১০ জন ওই টাকা পাননি। আঙুলের ছাপ জাল করে তাঁদের নামে আসা টাকা তুলে আত্মসাৎ করা হয়। একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফালিসাতলী গ্রামের হক মিয়ার স্ত্রী কহিনুর বেগম ১০ বছর আগে মারা গেছেন। তাঁর নামেও সহায়তার টাকা বরাদ্দ এসেছে। টাকা বিতরণের তালিকায় ৮৪৯ নম্বরে তাঁর নাম রয়েছে। কহিনুরের নামে আসা টাকাও ইউপি চেয়ারম্যান তুলে আত্মসাৎ করেন।
মৃত কহিনুর বেগমের পুত্রবধূ মোসা. ফাতিমা বেগম বলেন, ‘আমার শাশুড়ি ৯-১০ বছর আগে মারা গেছেন। তাঁর নামে কীভাবে সহায়তার টাকা আসে? ওই টাকা তাঁর টিপসই জাল করে তুলে নেওয়া হয়েছে বলে আমরাও শুনেছি।’
তবে ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ সেলিম প্রথম আলোকে বলেন, ‘টাকা বিতরণে কোনো অনিয়ম হয়নি। প্রত্যেক ইউপি সদস্যকে চাহিদা মোতাবেক টাকা দেওয়া হয়েছে। আমার জানামতে, সব ইউপি সদস্য তালিকা অনুসারে টাকা বিতরণ করেছেন। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
এদিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নেও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৫ হাজার ৭৭৬ জন দুস্থ মানুষের জন্য ৪৫০ টাকা করে বরাদ্দ এসেছিল। ৯ নম্বর ওয়ার্ডের ৪৭৯ জনের নাম তালিকায় ছিল। এর মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি টাকা পাননি বলে অভিযোগ উঠছে।
৯ নম্বর ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামের দিনমজুর মো. শাহজাহান। টাকা বিতরণের তালিকায় ৫৪৪৩ নম্বরে তাঁর নাম রয়েছে। তবে শাহজাহান বলেন, ‘আমার নামে যে টাকা বরাদ্দ এসেছে, তা আমি জানি না। আপনার মাধ্যমেই বিষয়টি প্রথম জানলাম।’
একই গ্রামের বাসিন্দা মো. মামুন শ্রমিকের কাজ করেন। তিনিও বরাদ্দের টাকা পাননি। মামুনের স্ত্রী করুনা বেগম বলেন, টাকা বিতরণের দিন তিনি কেওড়াবুনিয়ায় গিয়েছিলেন। সেখানে সারা দিন অবস্থান করলেও তাঁকে টাকা দেওয়া হয়নি। পরে শুনতে পারেন, তাঁর স্বামীর নামের টাকা অন্য কেউ তুলে নিয়েছে।
বুড়িরচর ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তালিকা অনুসারে সবাইকে আমরা ৪৫০ টাকা করে বিতরণ করেছি। প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের কাছে চাহিদা মোতাবেক টাকা দেওয়া হয়েছে। যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।’
এম বালিয়াতলী ইউনিয়নের অভিযোগটি তদন্তের দায়িত্ব পেয়েছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দীন। প্রথম আলোকে তিনি বলেন, টাকা বিতরণে অনিয়মের বিষয়ে তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।