বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন শুরু, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৩ প্রার্থী
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ১১ পদের বিপরীতে ২ প্যানেলে ২২ জন এবং সভাপতি পদে ১ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশনার আফজালুর করিম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা আগেই নেওয়া হয়েছে। সে অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি, সবাইকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব।’
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, এই নির্বাচনে ৯৭৫ জন ভোটার রয়েছেন। আগের নির্বাচনে ৭০ থেকে ৭৫ ভাগ ভোট পড়েছে। এবারও একই পরিমাণ ভোট পড়বে বলে আশা করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির কারণে ঢাকায় অবস্থান করা অন্তত দুই শতাধিক ভোটারের উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।
আইনজীবী সমিতির সভাপতি পদে প্রার্থী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি লস্কর নুরুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এস এম সাদিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর হোসেন। এ ছাড়া সহসভাপতির দুটি পদে লড়ছেন অসীম কুমার বাড়ৈ, মোস্তাফিজুর রহমান, বিষ্ণুপদ মুখার্জী ও সৈয়দ মাসুম মিয়া। সাধারণ সম্পাদকের একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রফিকুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আবুল কালাম আজাদ। অর্থ সম্পাদকের একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম মোল্লা ও আবদুল মালেক। যুগ্ম সম্পাদকের দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদুল ইসলাম, বিউটি সুলতানা, কাজী আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির খান। নির্বাহী সদস্যর চারটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহিন উদ্দিন মিয়া, আনোয়ার হোসেন বাচ্চু, আরিশব উদ্দিন, আতিকুর রহমান খান, ডায়েজ মোহাম্মদ, সুমন বাড়ৈ, খন্দকার মো. আবদুস সোবাহান ও মতিউর রহমান।