বরিশাল ও পিরোজপুরে করোনা সংক্রমণ আবার বাড়ছে
বরিশাল বিভাগে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত মে মাসের শেষ দিকে সংক্রমণ কিছুটা কমে এলেও তিন দিন ধরে তা আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে বরিশাল ও পিরোজপুর এই দুই জেলায় তিন দিন ধরে শনাক্তের সংখ্যা বাড়ছে। আজ শুক্রবার পাওয়া প্রতিবেদনে বিভাগে ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এ ছাড়া এই সময়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।
জেলাভিত্তিক হিসাবে ২৪ ঘণ্টায় বরিশালে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ। পিরোজপুরে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ শতাংশ। ঝালকাঠিতে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ। এ ছাড়া ভোলায় ৪ জন ও বরগুনায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে পটুয়াখালীতে কোনো রোগী শনাক্ত হয়নি।
পিরোজপুরে এরই মধ্যে ভারতীয় ধরন হিসেবে পরিচিত করোনার ডেল্টা ধরন শনাক্ত হয়েছে। পিরোজপুরের সীমান্ত জেলা বাগেরহাটেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পাশাপাশি সেখানেও সংক্রমণ বেশ বেড়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার পিরোজপুরে সবচেয়ে বেশি। শনাক্তর হার দ্বিতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায়। এ ছাড়া গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং রাজশাহীসহ উত্তরাঞ্চলের বাস চলাচল করায় প্রতিদিন এসব এলাকা থেকে হাজার হাজার লোক যাতায়াত করছে। পিরোজপুর ও ঝালকাঠি জেলা হচ্ছে বরিশাল বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রানজিট পয়েন্ট। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।
পিরোজপুর ও ঝালকাঠি জেলা হচ্ছে বরিশাল বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রানজিট পয়েন্ট। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫৫। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯৩ জন। শেষ ১৮ দিনে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে তিনজন মারা গেছেন বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে।
১৫ জুন বরিশাল বিভাগে ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। ১৬ জুন ৩৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার বেড়ে হয় হয় ১২ দশমিক শূন্য ৫ শতাংশ। ১৭ জুন ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার আরও বেড়ে হয় ১৪ দশমিক ৭১ শতাংশ। এদিন সর্বোচ্চ ১৭ জন শনাক্ত হয় পিরোজপুরে। আজ ১৮ জুন শনাক্তের হার আরও বেড়ে হলো ১৫ দশমিক ৫৮ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগকে আমরা সতর্ক করেছি। কারণ, পিরোজপুর ও বরিশালে তিন দিন ধরে সংক্রমণে গতি পাওয়া এবং ডেল্টা ধরন যথেষ্ট উদ্বেগে ফেলেছে আমাদের। দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের গণপরিবহন চলাচল করায় সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে। তবে স্বাস্থ্যবিধি মানলে পরিস্থিতি অনুকূলে রাখা সম্ভব।’
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে রোগ শনাক্তকরণ পরীক্ষা, শনাক্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া, কন্টাক্ট ট্রেসিং, শতভাগ নাগরিকের মাস্ক ব্যবহার নিশ্চিত করার বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করার বিষয়ে সব সময়ই জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতীয় ধরন ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সম্প্রতি সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বরিশাল নগরে আসা ১৪ জনকে কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।