বরিশাল চেম্বারের সভাপতির সাক্ষাৎকার
বরিশাল-চট্টগ্রাম নৌপথে জাহাজ চললে ব্যবসা-পর্যটন লাভবান হবে
এক যুগ বন্ধ থাকার পর বরিশাল-চট্টগ্রাম নৌপথে জাহাজ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। ২৫ নভেম্বর থেকে পরীক্ষামূলক এ সেবা চালু হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে নিয়মিত এ সেবা চালুর কথা ভাবছেন সরকারি নৌপরিবহন সংস্থার কর্মকর্তারা। ২০০৯ সালে এ জাহাজ সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পর তা পুনরায় চালুর খবরে বরিশালের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উচ্ছ্বসিত। এ নিয়ে প্রথম আলো কথা বলে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমানের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: বরিশাল-চট্টগ্রাম নৌপথে আবার জাহাজ চলাচল শুরুর উদ্যোগকে কীভাবে দেখছেন?
সাইদুর রহমান: এটা অবশ্যই আমাদের জন্য একটি সুসংবাদ। বিশেষ করে হাতিয়া-সন্দীপের মানুষ এটা থেকে বেশি উপকৃত হবে। বর্ষা মৌসুমে ওই নৌপথে যাওয়া মানে জীবন হাতের মুঠোয় নিয়ে যাওয়ার সমান। জাহাজ চালু হলে নিরাপদে মানুষ যাতায়াত করতে পারবে। আসলে সামগ্রিকভাবে আমরা সবাই উপকৃত হব। সবচেয়ে বড় কথা হলো চট্টগ্রাম ও বরিশালের মধ্যে যোগাযোগ নিবিড় হবে। এটার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
প্রশ্ন :
প্রথম আলো: ব্যবসাক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে?
সাইদুর রহমান: আমরা যারা ব্যবসা করি, তাদের অনেক কাঁচামাল চট্টগ্রাম থেকে আনতে হয়। এটা আনতে হয় ট্রাকে। এতে ব্যয় ও সময় দুটোই বেড়ে যায়। জাহাজ চালু হলে এ ক্ষেত্রে ভোগান্তি কমবে। সময় আর ব্যয়ও অনেক কমে যাবে। ব্যবসা-বাণিজ্যসহ সবক্ষেত্রেই দুই বিভাগের মধ্যে সম্পর্ক বাড়বে।
প্রশ্ন :
প্রথম আলো: পর্যটন খাতে কোনো উন্নতি হবে?
সাইদুর রহমান: অবশ্যই হবে। কারণ, চট্টগ্রাম থেকে যাঁরা কুয়াকাটায় আসতে চান, তাঁরা দীর্ঘ সময় ও আর্থিক ব্যয়ের কথা বিবেচনা করে এখানে আসেন না। আবার বরিশাল অঞ্চলের যাঁরা কক্সবাজারে যাওয়ার ইচ্ছা করেন, তাঁরাও একই সমস্যায় পড়েন। জাহাজ সেবা চালু হলে মাত্র ১২ ঘণ্টায় বরিশাল-চট্টগ্রামে আসা-যাওয়া যাবে। কুয়াকাটা যেতে এখন আর কোনো ফেরি না থাকায় সড়ক যোগাযোগও নিরবচ্ছিন্ন হয়েছে। ফলে পর্যটন খাতে এ জাহাজ পরিষেবা গুরুত্বপূর্ণ অংশীদার হবে।
প্রশ্ন :
প্রথম আলো: এ সেবা উন্নত করার ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে?
সাইদুর রহমান: আমি বলব, প্রথম প্রথম এই জাহাজ চলাচল লাভজনক না–ও হতে পারে। কিন্তু ধৈর্য ধরে টিকে থাকতে পারলে অবশ্যই এটা একটি লাভজনক রুট হবে। সেই মানসিকতা থাকতে হবে। পাশাপাশি আমরা চাই, এটা টেকসই হোক। ভালো জাহাজ দিয়ে যাত্রীসেবা দেওয়া হোক। পাশাপাশি বেসরকারি খাতকে এ রুটে উৎসাহিত করা উচিত।