বরিশাল নগর ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন
বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলামকে মহানগর কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। অন্যদিকে জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর এ কে এম মর্তুজা আবেদীনকে। এ কমিটির সদস্যসচিব হয়েছেন এম এ জলিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মো. সোহেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পার্টির মহাসচিব মো. মুজিবুল হকের সুপারিশে এ দুটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে জেলা জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন মহসিন উল ইসলাম। সর্বশেষ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয় মহসিন উল ইসলামকে এবং সদস্যসচিব ছিলেন ইকবাল হোসেন। এ ছাড়া মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন এ কে এম মর্তুজা আবেদীন।