বরিশাল নগরে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বরিশাল নগরে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে নগরের আমির কুটির এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহিদা বেগম (২৩) নামের ওই নারী দুই সন্তানের মা ছিলেন। ঘটনার সময় তাঁর স্বামী ইমরান হোসেন বাসায় ছিলেন।

ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। বরিশাল শহরে তিনি একটি মাদ্রাসার পরিচালক। সে জন্য স্ত্রী ও দুই সন্তান নিয়ে নগরের আমির কুটি এলাকায় থাকেন তিনি। গতকাল রাতে বাচ্চাদের নিয়ে ঘুমাতে যান শাহিদা বেগম। তিনি পাশের কক্ষে কাজ করছিলেন। হঠাৎ শব্দ শুনে শোবার ঘরে ছুটে গিয়ে দেখেন, স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন। পরে বিষয়টি বরিশাল কোতোয়ালি মডেল থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ইমরানের দাবি, তাঁদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কী কারণে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন, বুঝতে পারছেন না তিনি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে। যেহেতু একই কক্ষের ভেতরে ঘটনা ঘটেছে, তাই সন্দেহ থেকে যাচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।