বরিশাল বিভাগে আড়াই মাস পর শনাক্তের হার ২০ শতাংশের নিচে
বরিশাল বিভাগে প্রায় আড়াই মাস পর করোনা শনাক্তের হার ২০ শতাংশের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ হার ১৯ দশমিক ৭১ শতাংশ। একই সময়ে করোনা ও করোনার উপসর্গ গিয়ে মারা গেছেন ৮ জন। আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বরগুনা ও বরিশালের ২ জন করে এবং পটুয়াখালী ও ভোলার ১ জন করে বাসিন্দা আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬০৬।
উপসর্গ নিয়ে দুজন মারা যান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে। এ নিয়ে এই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৯১১ জন। তাঁদের মধ্যে ৬৪ জনের নমুনা পরীক্ষার ফল অপেক্ষমাণ রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে গত ৩ জুন বিভাগে সংক্রমণ হার ছিল ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। এরপর সংক্রমণ হার ক্রমে বাড়তে থাকে। বিভাগে সংক্রমণ হার সর্বোচ্চ ৪৬ শতাংশে পৌঁছেছিল। নতুন সংক্রমিত ২৫৫ জনের মধ্যে বরিশাল জেলার ১১০ জন, পটুয়াখালীর ৪৮, ভোলার ৪৮, পিরোজপুরের ১৩, বরগুনার ২৭ ও ঝালকাঠির ৯ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৪১ হাজার ৫৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হলো। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোগীদের ভিড় মঙ্গলবার কিছুটা বেড়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে ১৭০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার ছিলেন ১৫৬ জন। গত জুলাই ও চলতি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩০০ শয্যার বিপরীতে এখানে ৩৫০ থেকে ৩৭৫ রোগী ভর্তি থাকতেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণ পরিস্থিতি কিছুটা কমেছে। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থাকে ধরে রাখতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।