বরিশাল বিভাগে এক দিনে করোনা শনাক্ত ৩৪৩, নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে এক দিনে করোনা শনাক্তের সংখ্যা ৩০০ ছাড়াল। আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭২৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এ বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৭ দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের উপাত্ত বলছে, এর আগে ১ জুলাই ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪০ শতাংশ। করোনার প্রথম ঢেউয়ে গত বছরের জুনে বিভাগে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ২৪৩ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা পজিটিভি। দুজন উপসর্গ নিয়ে মারা যান। চারজনই মারা যান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ও আইসোলেশনে। এ নিয়ে বিভাগে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৩১৫ জন। এ ছাড়া শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৪৩ জন।
স্বাস্থ্য বিভাগে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৩৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬০। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬৩৭।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ৩৪৩ জনের মধ্যে এ বিভাগে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ১২১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৮ হাজার ১৯৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ২৭ জন নিয়ে মোট ২ হাজার ৫৪০ জন, ভোলা জেলায় নতুন ১৫ জনসহ মোট ২ হাজার ৮৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৮২ জন নিয়ে মোট ২ হাজার ৪১৬ জন, বরগুনা জেলায় নতুন ২২ জন নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৪৯২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৭৬ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০৭ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আজ সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে ৩৮ জন ও করোনা ওয়ার্ডে ১৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ এবং ১৬৫ জন আইসোলেশনে রয়েছেন।

তিন জেলায় সংক্রমণ থামছেই না

বরিশাল বিভাগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহে এসে সংক্রমণ অনেকটা নিম্নমুখী হয়। তা জুনের মাঝামাঝি পর্যন্ত স্থিতিশীল ছিল। কিন্তু ১৬ জুনের পর তা আবার বাড়তে থাকে। তবে পুরো বিভাগে নয়; বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলা ঘিরে সংক্রমণের উল্লম্ফন স্বাস্থ্য বিভাগকে উদ্বিগ্ন করে তোলে। পিরোজপুরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর থেকেই স্বাস্থ্য বিভাগের শঙ্কা ছিল এই তিন জেলা নিয়ে। কারণ, দক্ষিণ-পশ্চিমের সঙ্গে এই তিন জেলার সরাসরি যোগাযোগ রয়েছে।

স্বাস্থ্য বিভাগের উপাত্তে দেখা যায়, গত ১৭ জুন থেকে আজ ৪ জুলাই পর্যন্ত ১৮ দিনে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮০ জন। এটা বিভাগের মোট শনাক্তের ১৩ দশমিক ৮৪ শতাংশ। তাঁদের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ৯৭৭ জন শনাক্ত হয়েছেন। এরপর পিরোজপুরে শনাক্ত হয়েছেন ৬২৬ জন এবং ঝালকাঠিতে শনাক্ত হয়েছেন ৫০৫ জন।

অন্যদিকে মে ও জুন—এই দুই মাসে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এর মধ্যে মে মাসে মৃত্যু হয় ২২ জনের এবং জুনে মারা যান ১৯ জন। জুলাইয়ে ৪ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের।

গত ২৪ ঘণ্টায়ও বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১২১ রোগী শনাক্ত হয়েছেন এবং শনাক্তের হার ৪৬ দশমিক ৩৬ শতাংশ। এরপর রয়েছে পিরোজপুর জেলায় ৮২ জন, শনাক্ত হার ৪৮ দশমিক ৫২ শতাংশ এবং এরপর তৃতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায় ৭৬ জন। এ জেলায় শনাক্ত হার ৪৭ দশমিক ৮০ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এবং শনাক্তের হার দুটিই আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে বলেই ইঙ্গিত দিচ্ছে। সাধারণ মানুষ সচেতন না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে।