বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ১৮১ জনের করোনা শনাক্ত
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮১ জনের। এতে বিভাগে শনাক্তের হার ৩৮ দশমিক ৮৬ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫০ জনের। শনাক্তের হার ছিল ৩২ দশমিক ১২ শতাংশ।
অন্যদিকে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। এর মধ্যে পাঁচজন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা পজিটিভ রোগী। এর আগের ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৭ জন মারা যান।
উপসর্গ নিয়ে পাঁচজনই মারা যান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে। একই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান আরেকজন করোনা রোগী। এ ছাড়া পটুয়াখালীর দশমিনা ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর দুজন মারা যান। এ নিয়ে বিভাগে করোনা পজিটিভ রোগীর মৃত্যু দাঁড়াল ৩০১ জনে। এ ছাড়া কেবল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১৫ জনের।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ১৮১ জন। এর মধ্যে বরিশাল জেলায় নতুন শনাক্ত ৭২ জন নিয়ে মোট ৭ হাজার ৬৪১ জন। পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। ভোলা জেলায় নতুন ১২ জনসহ মোট ২ হাজার ৩৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট ২ হাজার ৭৯ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৩৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৩ জন নিয়ে মোট রোগীর সংখ্যা ১ হাজার ৬১১। এ নিয়ে এ বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৭ হাজার ১৯৯।
সংক্রমণ ছড়িয়ে পড়ছে অন্য জেলাগুলোতেও
বরিশাল বিভাগে করোনার পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে পিরোজপুরে ভারতীয় ডেলটা ভেরিয়েন্ট শনাক্ত হওয়া নিয়ে শুরুতেই পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল তিন জেলা নিয়ে উদ্বেগ ছিল স্বাস্থ্য বিভাগের। ১০ দিন ধরে এই ৩ জেলায় সংক্রমণের গতি সেই আশঙ্কারই প্রতিফলন।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ অনেকটা স্থিতিশীল থাকলেও ১৬ জুনের পর তা বাড়তে থাকে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। ১৭ থেকে ২৭ জুন—এই ১২ দিনে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪২ জন, যা বিভাগে শুরু থেকে এ পর্যন্ত হওয়া মোট সংক্রমণের ৬ দশমিক ৬৩ শতাংশ। এর মধ্যে বরিশাল জেলায় ৪২৩, পিরোজপুরে ২৮৯ ও ঝালকাঠিতে ২০৯ জন। অন্যরা অন্য তিন জেলার।
নতুন করে রোগী বাড়ছে বরগুনা জেলায়। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮ জন শনাক্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ১৭ জন। তার আগের ২৪ ঘণ্টায় ছিল মাত্র ৭ জন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সড়কপথে গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল, রাজশাহীসহ উত্তরাঞ্চলের যোগাযোগ রয়েছে। প্রতিদিন এসব অঞ্চলের মধ্য দিয়ে শত শত বাসে হাজার হাজার লোক যাতায়াত করেছেন। পিরোজপুর ও ঝালকাঠি জেলা হচ্ছে বরিশাল বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রানজিট পয়েন্ট। ফলে এই তিন জেলায় সংক্রমণ পরিস্থিতি ১০ দিন ধরে খারাপ হচ্ছে। ইতিমধ্যে পিরোজপুরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পিরোজপুরের সীমান্ত জেলা বাগেরহাটেও এ ধরন শনাক্ত হওয়ার পাশাপাশি সেখানেও সংক্রমণ অনেক বেড়েছে। এই ১০ দিন ধরেই বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় শনাক্তের হার সবচেয়ে বেশি। তিন জেলায় যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে অন্য জেলাগুলোতেও তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।
কর্মকর্তারা উদহারণ হিসেবে বরগুনা ও পটুযাখালী জেলার কথা উল্লেখ করেন তাঁরা। বরগুনায় ২৪ ঘণ্টায় হঠাৎ ১৮ রোগী শনাক্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ১৭ জন। তার আগের ২৪ ঘণ্টায় তা ছিল মাত্র ৭ জন। অপর দিকে পটুয়াখালীতে সংক্রমণ হার এক মাসের বেশি সময় ধরে স্থিতিশীল থাকলেও আজ হঠাৎ দুজনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘এ বিভাগে ১০ দিনের বেশি সময় ধরে সংক্রমণ পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। পিরোজপুরে ডেলটা ধরন শনাক্ত হওয়ার পর থেকেই সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিল। এ নিয়ে আমাদের উদ্বেগের কথা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছিল। এরই মধ্যে পিরোজপুরের চারটি পৌর শহরকে গত শনিবার থেকে লকডাউন করা হয়েছে। বরিশার, পিরোজপুর, ঝালকাঠি—এই ৩ জেলায় ১০ দিন ধরে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রবণতা থাকলেও এখন দুদিন ধরে বরগুনা, পটুয়াখালী, ভোলা—এই তিন জেলায়ও সংক্রমণ গতি পেয়েছে। এ ছাড়া বিভাগে মৃত্যুও বাড়ছে।’
শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও বলেন, সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। এখন লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষা করতে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও যেন নমুনা পরীক্ষায় আওতায় আনা হয়, সে উদ্যোগ নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।