বরিশাল বিভাগে কম পরীক্ষায় শনাক্ত কমে ১৯৫, মৃত্যু ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা মোকাবিলায় আজ থেকে সারা দেশে শুরু হয়েছে সম্প্রসারিত টিকাদান কার্যক্রম। টিকা গ্রহণের জন্য এক গ্রাম পুলিশকে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা কার্ড রেজিস্ট্রেশনে সহায়তা করছেন দায়িত্বরত আনসার সদস্য। কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়, সদর উপজেলা, বরিশাল
ছবি: সাইয়ান

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হওয়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭২৩ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার কমে ২৬ দশমিক ৯৭ শতাংশে নেমে গেছে। তবে মৃত্যুর সংখ্যা কমেনি। এই সময়ে বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় ৮ জন ও করোনার উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে করোনায় ১৪ জন ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬২৪ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ভোলা ও বরিশালে সর্বোচ্চ তিনজন করে। এ ছাড়া ঝালকাঠিতে ২ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩৬। উপসর্গ নিয়ে ১৫ জনই মারা যান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে। এ নিয়ে এই হাসপাতালে গত বছরের এপ্রিল থেকে আজ সকাল পর্যন্ত উপসর্গ নিয়ে ৮৬০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট ৭২৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে বরিশালে ২১৮ জনে ৭১ জনের করোনা শনাক্ত হয়। পটুয়াখালীতে ৪৩ জনের মধ্যে ৯ জন, ভোলায় ৪১৯ জনের মধ্যে ১০৮ জন, পিরোজপুরে ৩১ জনে ৫ জন এবং বরগুনা ও ঝালকাঠিতে ৬ জন করে নমুনা পরীক্ষা হলেও বরগুনায় কোনো নতুন রোগী শনাক্ত নেই, ঝালকাঠিতে মাত্র ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে বরিশাল জেলায় মোট ১৫ হাজার ৬০৬ জন, পটুয়াখালীতে ৫ হাজার ১৪০ জন, ভোলায় নতুন ৪ হাজার ৮৫১ জন, পিরোজপুরে ৪ হাজার ৬৮৭ জন, বরগুনায় নতুন শনাক্ত না থাকায় মোট ৩ হাজার ২৪৯ জন ও ঝালকাঠিতে ৪ হাজার ২৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ৮১৭।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, জুলাইয়ে এই বিভাগে করোনা শনাক্ত ও করোনায় মৃত্যুহার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। আগস্টে এসেও সেই ঊর্ধ্বগতি কমেনি, বরং বেড়েছে। শুক্রবার ছুটির দিন থাকায় নমুনা সংগ্রহ কম হয়েছে। এ জন্য শনাক্ত কম হয়েছে।