বরিশাল বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৯

বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্য একজন নার্স রয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলায় ১৭৬ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হলেন। তাঁদের মধ্যে ২৯ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মী।
আক্রান্তদের মধ্যে মারা গেছেন ছয়জন এবং সুস্থ হয়েছেন ৮৬ জন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে মারা গেছেন ২৭ জন রোগী।
সংশ্লিষ্টরা জানান, এপ্রিল মাসের শেষ সপ্তাহে বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এলেও চলতি মে মাসের প্রথমদিন থেকেই তা আবার বাড়তে শুরু করে। গত ১২ দিনে এই বিভাগে ৫৯ জন রোগী শনাক্ত হয়েছেন। যা মোট রোগীর ৩৪ ভাগ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, গত ১২ দিনে আক্রান্তের সংখ্যা আগের এক সপ্তাহের চেয়ে অনেকটা বেড়েছে। আগে বরগুনা, পটুয়াখালী, বরিশালে আক্রান্তের সংখ্যা বেশি দেখা গেলেও হঠাৎ করে পিরোজপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে আশার কথা হচ্ছে, আক্রান্তদের মধ্যে ৮৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা মোট আক্রান্তের প্রায় অর্ধেক (৪৮ ভাগ)। এখন এই বিভাগে আক্রান্তদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মোট আক্রান্ত ১৭৬ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। এই জেলায় আক্রান্তের সংখ্যা নতুন দুজনসহ ৬০ জন। এরপর বরগুনা। এই জেলায় নতুন কোনো আক্রান্ত না হওয়ায় সংখ্যা ৩৯ জনে স্থিতিশীল আছে। এরপর পটুয়াখালীতে নতুন একজনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন। পিরোজপুরে নতুন পাঁচজনসহ আক্রান্ত ২৪ জন, ঝালকাঠিতে নতুন একজনসহ ১৬ জন এবং ভোলায় ৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত ১৭৬ জনের মধ্যে ছয়জন মারা গেছেন। এর মধ্যে বরগুনার দুজন, পটুয়াখালীর তিনজন এবং বরিশালের একজন। তবে গত ২৮ মার্চ থেকে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ওই ছয়জনের বাইরে আরও ২৭ জন মারা যান করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে।