বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ও হার—দুটোই কমেছে। তবে একই সময়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন মারা গেছেন।

আজ বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৪২৬ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ২০।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। সংক্রমণের হার ছিল ২০ দশমিক ১৫। তবে ওইদিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৯ জনের মধ্যে বরিশালে সর্বোচ্চ ৩৬, ভোলায় ৫, বরগুনায় ৪ এবং পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে ৮ জন করে আছেন।

গত বছরের ৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারির মাঝামাঝি থেকে বিভাগে করোনার তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছায়। ওই সময় থেকে জানুয়ারির শেষ দিন পর্যন্ত বিভাগে করোনা সংক্রমণ ৫০ শতাংশের কাছাকাছি ছিল। এরপর ফেব্রুয়ারির শুরু থেকে তা ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে ৬ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শুরুতে মৃত্যুর সংখ্যা কম ছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করলেও মৃত্যু অব্যাহত আছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই সংক্রমণের হার ও সংখ্যা অনেকটা কমেছে। তবে শনাক্ত কমার পর মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা সবাই বার্ধক্য ও অন্যান্য অসংক্রামক রোগে ভুগছিলেন। এ জন্য পরিবারের বয়স্ক ব্যক্তিদের সুরক্ষার জন্য আরও যত্নশীল হওয়ার পাশাপাশি পরিবারের কম বয়সীদের বাইরে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।