বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একজন করোনা আক্রান্ত এবং দুজন উপসর্গধারী রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭। আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে করোনা পজিটিভ হয়ে একজন এবং উপসর্গ নিয়ে দুজন মৃত্যুবরণ করেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯০। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৯৮ জন। আর উপসর্গ নিয়ে এই হাসপাতালে মারা গেছেন ৪৯১ জন।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯০।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস জানান, নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে বরিশাল জেলায় রয়েছেন ১৭ জন, পটুয়াখালীতে ৫ জন, ভোলায় ৫ জন, পিরোজপুরে ১৩ জন এবং ঝালকাঠিতে ৭ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় রয়েছেন ৭ হাজার ২১৮ জন, পটুয়াখালী জেলায় ২ হাজার ৩৫০ জন, ভোলায় ১ হাজার ৯৮৪ জন, পিরোজপুরে ১ হাজার ৭৯০ জন, ঝালকাঠিতে ১ হাজার ৪০২ জন এবং বরগুনায় ১ হাজার ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বরিশালে সিনোভ্যাকের টিকা

বরিশাল জেলায় সিনোভ্যাকের ৩৯ হাজার ৬০০ ডোজ টিকা এসে পৌঁছেছে। আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে টিকার ৬৬টি বাক্স এসে পৌঁছায়। প্রতিটি বাক্সে ৬০০ ডোজ করে টিকা রয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন মনোয়ার হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে ছয় লাখ টিকা প্রদান করেছে। এই টিকা থেকে বরিশাল জেলার জন্য ৩৯ হাজার ৬০০ ডোজ দেওয়া হয়েছে। শিগগিরই জেলায় এ টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে।