টানা পাঁচ দিন ধরে বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকার পর আজ শনিবার তা কিছুটা কমেছে। তবে করোনা শনাক্তের হার কমেনি। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ২৪৮। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২৮৬। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে।
তবে একে ইতিবাচক কোনো অগ্রগতি হিসেবে দেখছেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তাঁরা বলছেন, গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় নমুনা সংগ্রহ হয়েছে কম। গত ২৪ ঘণ্টায় ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ২। এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ৭১৪ জনের, শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৭৩। তারও আগের ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছিল ১ হাজার ৭ জনের, শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪।
গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। দুজন করোনা পজিটিভের একজন বরিশালের মুলাদী এবং আরেকজন ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। আর উপসর্গ নিয়ে ৭ জনই মারা গেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে। এ নিয়ে এখন পর্যন্ত শুধু এ হাসপাতালেই উপসর্গ নিয়ে ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনো অপেক্ষমাণ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা যান ৭ জন। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৪।
গত ২৪ ঘণ্টায় ২ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে ৭ জনই মারা গেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বরিশাল বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৪। নতুন ১৬০ জন করোনা শনাক্ত রোগীর মধ্যে বরিশাল জেলাতেই শনাক্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৪। এরপর রয়েছে ঝালকাঠি জেলা, সেখানে শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে সেখানে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ৮৩১। এ ছাড়া পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ২ হাজার ৫১৩, ভোলায় নতুন ৪ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ২ হাজার ৭২, পিরোজপুর জেলায় নতুন ৩ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৪ এবং বরগুনা জেলায় নতুন ৫ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ৪৭০।
শনিবার সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসোলেশনে ১৮২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে ৩৪ জন করোনা পজিটিভ এবং ১৪৮ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিন জেলায় সংক্রমণ বাড়ছে
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকলেও ১৬ জুনের পর তা বাড়তে থাকে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সংক্রমণ বাড়ছে। ১৭ জুন থেকে আজ ৩ জুলাই পর্যন্ত ১৭ দিনে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩৭। এটা বিভাগের মোট শনাক্তের ১২ দশমিক ২৩ শতাংশ। তাঁদের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ৮৫৬ জন শনাক্ত হয়েছে। এরপরে পিরোজপুরে শনাক্ত হয়েছে ৫৪৪ জন এবং ঝালকাঠিতে শনাক্ত হয়েছে ৪২৯ জন।
অন্যদিকে মে ও জুন এই দুই মাসে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এর মধ্যে মে মাসে মৃত্যু হয় ২২ জনের এবং জুনে মারা যান ১৯ জন। জুলাইয়ে তিন দিনে মৃত্যু হয়েছে ৯ জনের। গত ২৪ ঘণ্টায়ও বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৮৫ জন রোগী শনাক্ত হয়েছে। এরপরে রয়েছে ঝালকাঠি জেলা, সেখানে শনাক্ত হয়েছে ৫৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। শুক্রবার ছুটির দিন থাকায় আগের তুলনায় নমুনা সংগ্রহ কম হয়েছে। এ জন্য শনাক্তও আগের দিনগুলোর তুলনায় কম। এতে পরিস্থিতির উন্নতি হয়েছে, তা বলা যাবে না। সাধারণ মানুষ সচেতন না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে।