বরিশাল বিভাগে করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা এক দিনের ব্যবধানে ৪০০ ছাড়াল। সোমবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৫৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫ দশমিক ৭৫ শতাংশ। এটা এ বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড।

এর আগের ২৪ ঘণ্টায় ৭২৮ জনের নমুনা পরীক্ষায় এই সংখ্যা ছিল ৩৪৩। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৪৭ দশমিক ১২ শতাংশ। এই সময়ে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ৬ জন করোনায় ও ১১ জন উপসর্গ নিয়ে মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে চারজনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে দুজন করোনায় ও দুজন উপসর্গ নিয়ে মারা যান।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ৪৩৬ জনের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ১৫৭ জন নিয়ে মোট ৮ হাজার ৩৫২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৩ জন নিয়ে মোট ২ হাজার ৫৮৩ জন, ভোলায় নতুন ১৬ জনসহ মোট ২ হাজার ১০৩ জন, পিরোজপুরে নতুন ৮৩ জন নিয়ে মোট ২ হাজার ৪৯৯ জন, বরগুনায় নতুন ৩৭ জন নিয়ে মোট ১ হাজার ৫২৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০০ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২২০ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এবং ১৭৩ জন আইসোলেশনে রয়েছেন।

বরিশাল বিভাগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহে এসে সংক্রমণ অনেকটা নিম্নমুখী হয়। তা জুনের মাঝামাঝি পর্যন্ত স্থিতিশীল ছিল। কিন্তু ১৬ জুনের পর তা আবার বাড়তে থাকে। তবে পুরো বিভাগে নয়; বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলা ঘিরে সংক্রমণের উল্লম্ফন স্বাস্থ্য বিভাগকে উদ্বিগ্ন করে তোলে। পিরোজপুরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর থেকেই স্বাস্থ্য বিভাগের শঙ্কা ছিল এই তিন জেলা নিয়ে। কারণ, দক্ষিণ-পশ্চিমের সঙ্গে এই তিন জেলার সরাসরি যোগাযোগ রয়েছে। একই সঙ্গে উদ্বেগ ছিল লকডাউন শুরুর আগে বিপুলসংখ্যক লোকের গ্রামে ফেরার ঘটনায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগের সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এর গতি কোথায় গিয়ে থামবে, সেটা বলা মুশকিল। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে বলেই ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, হাসপাতালগুলোতে যাতে শয্যাসংখ্যা সংকট না হয়, সে ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি শয্যাসংখ্যা বাড়ানোর ব্যাপারে এরই মধ্যে প্রস্তুতি চলছে।