বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার কমেছে
বরিশাল বিভাগে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ও আক্রান্তের সংখ্যা—দুটিই কমেছে। এ সময় ৭৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৪৮ জনের, শনাক্তের হার ৩১ দশমিক ৭৫।
এই সময়ে করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। এর আগে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত ২৪৮ জনের মধ্যে সর্বোচ্চ ১০৩ জন বরিশাল জেলায়। এ ছাড়া পটুয়াখালীতে ২৮ জন, ভোলায় ৩১, পিরোজপুরে ৩১, বরগুনায় ২২ ও ঝালকাঠিতে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
৩৯ দিনে মৃত্যু ১৯
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগে করোনায় ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে গত ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন, বাকি ৬ জন করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। তবে চলতি বছরের জানুয়ারির প্রথম থেকে করোনার তৃতীয় ঢেউ শুরুর পর বিভাগে টানা ১৫ দিন শনাক্তের হার ছিল ৪০–এর ওপরে। এরপর থেকে তা কমতে শুরু করে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এবার যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা সবাই ষাটোর্ধ্ব এবং নানা রোগে আক্রান্ত ছিলেন। এ জন্য সবার উচিত পরিবারের বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া এবং বাইরে গেলে স্বাস্থ্যবিধি অনুসরণ করা।