বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার কমেছে
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬১। তবে গত এক দিনে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি। আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৭৩৫ জনের নমুনা পরীক্ষায় ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৪৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার প্রায় ৪ শতাংশ কমেছে।
বিভাগের ছয় জেলায় নতুন শনাক্ত ১৯০ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৮১ জন আছেন। এ ছাড়া পটুয়াখালীতে ২৫, ভোলায় ২৪, পিরোজপুরে ১১, বরগুনায় ২২ ও ঝালকাঠিতে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের ৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগে করোনায় ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে গত ১ জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।
এ ছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ছয়জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণের হার ও সংখ্যা কিছুটা নিম্নমুখী। এই পরিস্থিতি ধরে রাখার জন্য সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই। করোনা সংক্রমণ মোকাবিলা করতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।