বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার প্রায় ৪৪
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ৮৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৩ দশমিক ৭৪। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৪৭। এ সময় করোনায় কেউ মারা না গেলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা–বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়। এর আগে গতকাল সোমবার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়। এ দফায় করোনা সংক্রমণ বৃদ্ধির পর এটিই সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪৬।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার মধ্যে বরিশালে ১৪৫ জন, পটুয়াখালীতে ৪৮, ভোলায় ৫৫, ঝালকাঠিতে ৪৭, বরগুনায় ২৪ ও পিরোজপুরে ৫৮ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া গত ১ জানুয়ারি বিভাগে তৃতীয় ঢেউ শুরুর পর এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর করোনায় মোট ৬৮২ জন মারা গেছেন।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের প্রথম দিকে বরিশালে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়। সেই থেকে আজ সকাল পর্যন্ত ৬ জেলায় ৩ হাজার ৬৯০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১ হাজার ৪৯৩ জন। এ ছাড়া পিরোজপুরে ৬৪১ জন, ভোলায় ৫০১, পটুয়াখালীতে ৪২৮, ঝালকাঠিতে ৩৯২ ও বরগুনায় ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, এখন সংক্রমণের সংখ্যা দিয়ে পরিমাপ করার মতো অবস্থায় নেই। ঘরে ঘরে এটি জ্বর ও ঠাণ্ডাজনিত রোগের মতো ছড়িয়ে পড়েছে। অনেকেই হয়তো নমুনা পরীক্ষা করাচ্ছেন না, তাই শনাক্ত হচ্ছেন না। এই মুহূর্তে আলাদাভাবে পরিবারের বয়স্ক মানুষের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প কিছু নেই।