বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার বেড়ে ৭ দশমিক ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা শনাক্ত
প্রতীকী ছবি

দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশাল বিভাগেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বছরের শেষ দিন গত ৩১ ডিসেম্বর এই বিভাগে করোনা শনাক্তের হার শূন্যের ঘরে ছিল। তবে নতুন বছরে সূচক ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারও মৃত্যু না হলেও শনাক্ত হয়েছেন ১২১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। এই সময়ে বিভাগে মোট ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৭৫। আগের দিন এ হার ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এ পর্যন্ত বরিশাল বিভাগে ৪৫ হাজার ৪৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৬৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে বরিশালের নয়জন, পটুয়াখালীর দুজন, পিরোজপুরের ছয়জন, বরগুনার দুজন ও ভোলার একজন আছেন। তবে এই সময়ের মধ্যে ঝালকাঠিতে কোনো রোগী শনাক্ত হয়নি। বিভাগের মধ্যে পিরোজপুরে শনাক্তের হার সর্বোচ্চ ২৩ দশমিক শূন্য ৮ এবং পটুয়াখালীতে ১৮ দশমিক ১৮ শতাংশ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (মুখপাত্র) শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে এবং বরিশালে তা ধীরে ধীরে বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা দেখালে সংক্রমণে গতি পেতে সময় লাগবে না।