বরিশাল বিভাগে করোনার শনাক্তের হার নিম্নমুখী, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩
বরিশাল বিভাগে করোনা সংক্রমণের হার পাঁচ দিন ধরে কমছে। এতে হাসপাতালগুলোয় রোগীর চাপ কমেছে। তবে মৃত্যুর হার কমেনি। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) বিভাগে ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।
এই সময়ে করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৩ জন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৫৮৩। মৃত্যুহার ১ দশমিক ৪৩। আগের ২৪ ঘণ্টায় (সোমবার থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) বিভাগে ২ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৬৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ২৯ শতাংশ। ওই দিন করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছিল ১৭ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ছয়জন মারা যান করোনায়। এর মধ্যে ভোলায় চারজন এবং বরিশাল ও পটুয়াখালীতে একজন করে মারা যান। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬৯।
বাকি সাতজন মারা যান উপসর্গে। তাঁদের মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। এ হাসপাতালে করোনার উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৮৮২। ১০০ জনের নমুনা পরীক্ষার ফল অপেক্ষমাণ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে বরিশালে সর্বোচ্চ ১৫২ জন। পটুয়াখালীতে ৪৪, ভোলায় ১৩৩, পিরোজপুরে ২০, বরগুনায় ১৬ ও ঝালকাঠিতে ২৪ জন। এ নিয়ে বিভাগে গত বছরের এপ্রিল থেকে আজ বুধবার পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭৪২। সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৩৪ জন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বিভাগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসে। এরপর জুলাই মাসে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। পুরো জুলাই মাসে সংক্রমণের হার ৩৯ থেকে ৪৬–এর মধ্যে ছিল। আগস্টে এসেও এই হার অব্যাহত ছিল। কিন্তু ৭ আগস্ট থেকে এই হার নিম্নমুখী হতে শুরু করে। শনাক্তের হার ২৪ দশমিক ২৮ থেকে ২৯ দশমিক ১৭–এর মধ্যে ওঠানামা করছে।
শনাক্তের হার কমে যাওয়ায় তিন দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোগীদের ভিড়ও কমেছে। আজ বুধবার সকাল পর্যন্ত এই হাসপাতালে ২১০ জন রোগী ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার ছিলেন ২২৭ জন, তার আগের দিন সোমবার এ সংখ্যা ছিল ২২৭।
এই হাসপাতালের ২৬টি আইসিইউ শয্যার সব কটিতেই বর্তমানে রোগী ভর্তি আছেন। জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহজুড়ে এই হাসপাতালে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ থেকে ৩৭৫ রোগী ভর্তি থাকতেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, সংক্রমণের হার পাঁচ দিন ধরে কিছুটা নিম্নমুখী, তবে মৃত্যুহার ঊর্ধ্বমুখীই আছে। এখনই বলার সময় আসেনি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ জন্য আরও বেশ কয়েক দিন অপেক্ষা করতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, নমুনার বিপরীতে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে গণ্য করা হয়।