বরিশাল বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে
বরিশাল বিভাগে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ও মৃত্যু—দুই–ই বেড়েছে। এক দিনে বিভাগে সর্বোচ্চ ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় এবং করোনার উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়।
আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২০৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬ দশমিক ১১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর আগের ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৮১ জনের। তার আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল মাত্র ১৫০।
২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে আটজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অপর একজন করোনা রোগী মারা যান বরগুনায়। তিনি বাড়িতে মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় এবং করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। তাঁর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ছিল আটজন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০৩। এ ছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন করোনা শনাক্ত হওয়া ২০৮ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল জেলায়। এই জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট করোনা রোগী ৭ হাজার ৭৯৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ৯ জন নিয়ে মোট ২ হাজার ৪৬৫ জন, ভোলা জেলায় নতুন ৫ জনসহ মোট ২ হাজার ৫২ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৩ জন নিয়ে মোট ২ হাজার ১৯৫ জন, বরগুনা জেলায় নতুন ৩ জন নিয়ে মোট ১ হাজার ৪১৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫৩ জনসহ ১ হাজার ৬৮২ জন।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ অনেকটা স্থিতিশীল থাকলেও ১৬ জুনের পর তা বাড়তে থাকে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলায় সংক্রমণ বাড়ছে। ১৭ থেকে ২৯ জুন পর্যন্ত ১৪ দিনে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪৩ জন। এদের মধ্যে বরিশাল জেলায় ৫৭৫, পিরোজপুরে ৪০৫ ও ঝালকাঠিতে ২৮০ জন।
গ্রামে ফেরা মানুষ নিয়ে শঙ্কা
বরিশাল বিভাগে করোনার পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে পিরোজপুরে ভারতীয় ধরন শনাক্ত হওয়ার ঘটনায় শুরুতেই পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলা নিয়ে উদ্বেগ ছিল স্বাস্থ্য বিভাগের। ১৫ দিন ধরে এই তিন জেলায় সংক্রমণের গতি সেই আশঙ্কারই প্রতিফলন দেখা যাচ্ছে। এর সঙ্গে ঢাকা এবং বড় শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে আসা মানুষ নতুন করে সমস্যার সৃষ্টি করেছে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ অনেকটা স্থিতিশীল থাকলেও ১৬ জুনের পর তা বাড়তে থাকে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলায় ১৫ দিন ধরে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এ ছাড়া নতুন করে রোগী বাড়ছে বরগুনা জেলায়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সড়কপথে গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যোগাযোগ রয়েছে। এসব অঞ্চলের মধ্য দিয়ে বাসে হাজার হাজার লোক যাতায়াত করছে। পিরোজপুর ও ঝালকাঠি জেলা হচ্ছে বরিশাল বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রানজিট পয়েন্ট। ফলে, এই তিন জেলায় সংক্রমণ পরিস্থিতি ১৫ দিন ধরে বেশি। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামের ফেরার বিষয়টি। এতে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, কঠোর লকউনের ঘোষণা আসার পর এক সপ্তাহ ধরে ঢাকাসহ বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ নানাভাবে গ্রামে ফিরেছে। এসব মানুষ গ্রামে ফিরে পরিবার এবং হাঁটবাজারে অবাধে ঘুরছে এবং সবার সঙ্গে মিশছে। এমন পরিস্থিতিতে গ্রামেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এ জন্য শহরের পাশাপাশি গ্রামেও লকডাউন কার্যকর ও মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এসব কাজে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করা যেতে পারে। পাশাপাশি গ্রাম পুলিশ বাহিনীকে কাজে লাগানো যেতে পারে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘পিরোজপুরে ডেলটা ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর আমাদের উদ্বেগ ছিল। সে উদ্বেগের প্রতিফলন আমরা দেখছি। ১৫ দিন ধরে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। শহর থেকে গ্রামে ফেরা মানুষের বিষয় সংক্রমণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
সরকার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কঠোর লকডাউন ঘোষণা করেছে উল্লেখ করে শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘এটা শুধু শহর নয়, সব এলাকার জন্য প্রযোজ্য। গ্রামের মানুষ সেটা প্রতিপালন না করলে লকডাউনের উদ্দেশ্য ব্যাহত হবে। আমরা ইতিমধ্যে আমাদের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামের মানুষকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করার নির্দেশনা দিয়েছি।’
শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও যেন নমুনা পরীক্ষায় আওতায় আনা হয়, সে উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।