বরিশাল বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন উপসর্গ নিয়ে এবং একজন করোনায় মারা গেছেন। এ ছাড়া পিরোজপুরে ৪ জন ও পাটুয়াখালীতে ১ জন করোনায় মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৯ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৪০ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৫৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ৩৬ দশমিক ১১ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এটা সত্য, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছর জুনে বিভাগে সর্বোচ্চ ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।