বরিশাল বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩২
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল ও পটুয়াখালীতে দুজন করে এবং পিরোজপুর ও বরগুনায় একজন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট ৬৫৪ জনের মৃত্যু হলো।
তবে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন কোনো রোগী মারা যাননি। গতকাল শনিবার পর্যন্ত এই হাসপাতালে উপসর্গ নিয়ে মোট ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনার সংক্রমণে তিন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে বিভাগে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭৮১ জনের নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০। নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশালে সর্বোচ্চ ৪৮ জন রয়েছেন।
এ ছাড়া পটুয়াখালীতে ২৩ জন, ভোলায় ৩৪ জন, পিরোজপুরে ৭ জন, বরগুনায় ১৩ জন ও ঝালকাঠিতে ৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা ৪৩ হাজার ৫৮৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৫৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বিভাগে আগস্টের প্রথম সপ্তাহের পর থেকেই সংক্রমণ কমতে শুরু করেছে। গত ১০ দিন শনাক্ত ২০ শতাংশের নিচেই আছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি। সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।