বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও করোনা শনাক্তের হার বেড়েছে

করোনায় মৃত্যু
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫২৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৫ জনের। শনাক্তের হার আগের ২৪ ঘণ্টার তুলনায় প্রায় দ্বিগুণ, ৬ দশমিক ৬৪। আজ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৭৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪০, আর মৃত্যু হয় একজনের। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। করোনায় তিন ও উপসর্গ নিয়ে একজন মারা যান। করোনায় মারা যাওয়া তিনজন বরিশাল, বরগুনা ও ভোলা জেলার বাসিন্দা। নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে বরিশালে ১৬ জন, পটুয়াখালীর ২, পিরোজপুরে ২, বরগুনার ৬, ঝালকাঠির ২ ও ভোলার ৭ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৪ হাজার ৬৮২, এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫৮১ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বিভাগে গত মে মাসের মাঝামাঝি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। জুলাইয়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যায়। তবে আগস্টের প্রথম সপ্তাহের পর তা ধীরে ধীরে কমতে থাকে। চলতি বছরের মে থেকে আগস্ট—এ ৪ মাসে বিভাগে করোনায় ৪১৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে মে মাসে মারা যান ২৪ জন, জুনে ৪৩, জুলাইয়ে ১৬২ ও আগস্টে ১৮৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরের ১৫ দিনে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। মৃত্যুর পাশাপাশি সংক্রমণের গতি ওই ৩ মাসে বেশি ছিল। জুনে ২ হাজার ৪৮ জন, জুলাইয়ে ৫ হাজার ২৫৮ ও আগস্টে ৯ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়। আর সেপ্টেম্বরের ১৫ দিনে করোনা শনাক্ত হয়েছে ৯২৭ জনের। গত বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬৮২ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এক মাসের বেশি সময় ধরে বিভাগে শনাক্তের হার অনেক কম। বিশেষ করে ১৫ দিন ধরে ১০ শতাংশের নিচে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ বাড়াতে হবে।