বরিশাল বিভাগে তৃতীয় ঢেউ শুরুর পর এক দিনে সর্বোচ্চ সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ২০০ ছাড়াল। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা করোনার তৃতীয় ঢেউ শুরুর পর এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। এতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩১।

এই ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৪ জনের করোনা পরীক্ষার ফল অপেক্ষমাণ।
এর আগে গতকাল সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৭৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। সংক্রমণের হার ছিল ৩০ দশমিক ৩১। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশালে সর্বোচ্চ ১১৩, পটুয়াখালীতে ২৬, ভোলায় ৩৬, পিরোজপুরে ৩৮, বরগুনায় ১৬ ও ঝালকাঠিতে ২৮ জন আছেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, তৃতীয় ঢেউ শুরুর পর থেকে বরিশাল ও পিরোজপুরে সংক্রমণের সংখ্যা ও গড় হার দুটোই বেশি। গত ২৪ ঘণ্টায়ও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১১৩ ও পিরোজপুরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিভাগে সংক্রমণের গড় হার ৩৪ দশমিক ৩১ হলেও পিরোজপুর ও বরিশালে সংক্রমণের হার যথাক্রমে ৫০ ও ৩৯ দশমিক ৫১। এই দুই জেলার পর সংক্রমণ বাড়তে শুরু করেছে ঝালকাঠি, বরগুনা ও ভোলায়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, তৃতীয় ঢেউয়ের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এবার সংক্রমণ খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ছিল ৮৮। তবে মধ্য অক্টোবরের পর থেকে এ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। কিন্তু তৃতীয় ঢেউ শুরুর পর দেখা যায়, ১ জানুয়ারি বিভাগে মাত্র ২ জন রোগী শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৭। ৩ জানুয়ারি শনাক্ত হয় ৩ জন। ১০ জানুয়ারি পর্যন্ত তা ১ থেকে ৯ জনের মধ্যে ওঠানামা করে। এরপর তা ১০-এর ওপরে উঠতে থাকে। ১৫ জানুয়ারির পর তা দ্রুত বেড়ে সর্বশেষ এক দিনে ২৫৭-তে ঠেকেছে। এতে জানুয়ারির ২৪ দিনে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৬০ জনের।

স্বাস্থ্য বিভাগ বলছে, দ্রুততার সঙ্গে সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন আগ্রহ নেই। লঞ্চ, গণপরিবহন কোথাও কেউ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বাজারগুলোয় স্বাভাবিক অবস্থার মতো সবকিছু চলছে। এমন অবস্থা চলতে থাকলে সংক্রমণের এই গতি কোনোভাবেই রোধ করা যাবে না।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে এবং সেটা খুব দ্রুততার সঙ্গে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বরিশাল ও পিরোজপুর জেলায় সংক্রমণের হার ও সংখ্যা বেশি। কারণ, এই দুই জেলা হচ্ছে দক্ষিণ-পশ্চিমের সীমান্ত জেলাগুলোর সঙ্গে গোটা বিভাগের ট্রানজিট পয়েন্ট।