বরিশাল বিভাগে দুদিন পর আবার করোনায় মৃত্যু ২
বরিশাল বিভাগে করোনা সংক্রমণে মৃত্যুহীন দুই দিন যাওয়ার পর গত ২৪ ঘণ্টায় করোনায় আবার ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ভোলার ও অপরজন পিরোজপুরের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫৬। একই সময়ে বিভাগে ৮৩১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৩৭। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ৪০ জন, ভোলায় ৩৭, পটুয়াখালীতে ২৮, পিরোজপুরে ১০, বরগুনায় ১৩ ও ঝালকাঠিতে ৮ জন আছেন।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১২ দশমিক শূন্য ৫৬। এদিকে গতকাল মঙ্গলবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। এ পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দুই সপ্তাহ ধরে বিভাগে করোনা শনাক্ত ২০ শতাংশের নিচে আছে। তবে তা ওঠানামা করছে। পরিস্থিতির উন্নতি ধরে রাখতে হলে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ানো ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।