বরিশাল বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৭
বরিশাল বিভাগে আজ শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটা এই বিভাগে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। এই সময়ে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। এর মধ্যে ছয়জনই বরিশালের শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকি একজন করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ছয়জন করোনায় ও বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এটা ছিল এযাবৎকালে বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ৭১৪ জনের নমুনা পরীক্ষায় ২৪৮ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৩৪। বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১২।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়। এই জেলায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট শনাক্ত হয়েছে ৭ হাজার ৯৮৯ জন। পিরোজপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৬ জন। এ নিয়ে পিরোজপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৩১।
ঝালকাঠি জেলায় নতুন আক্রন্ত ৩২ জন নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৮। বরগুনা জেলায় নতুন ২৩ জন নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৪৬৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট ২ হাজার ৫০৩ জন, ভোলা জেলায় নতুন ৮ জনসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৮ জন।
শুক্রবার সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনার ওয়ার্ডের আইসোলেশনে ৩১ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ১৬৫ জন রোগী চিকিৎসাধীন। এঁদের মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ এবং ১৩২ জন আইসোলেশনে রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে, এটা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। তিনি বলেন, পরিস্থিতি যেভাবে ভয়াবহ হচ্ছে তাতে সাধারণ মানুষ সচেতন না হলে নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে।