বরিশাল বিভাগে বিরতির পর আবার করোনা ও উপসর্গে মৃত্যু ৪
বরিশাল বিভাগে করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। শনাক্তের হার ১১ দশমিক ৪৩ শতাংশ। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা যাওয়া দুজনের একজন বরিশালের ও অপরজন বরগুনার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৬৫৮। এদিকে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের নমুনা পরীক্ষার ফল অপেক্ষমাণ।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮। আর, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত উপসর্গ নিয়ে ৯৪৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তার আগে সোম ও মঙ্গলবার বিভাগে করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যু ছিল না।
নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ২৮, ভোলায় ২২, পটুয়াখালীতে ১৫, পিরোজপুরে ৩, বরগুনায় ১১ ও ঝালকাঠিতে ১১ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৮৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৩৭ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দুই সপ্তাহ ধরে বিভাগে করোনা শনাক্ত ২০ শতাংশের অনেক নিচে আছে। তবে তা প্রতিদিন ওঠানামা করছে। পরিস্থিতির উন্নতি ধরে রাখতে হলে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ানো ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।