বরিশাল বিভাগে সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এক সপ্তাহ ধরে বিভাগের তিন জেলায় সংক্রমণ বাড়ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৭৪ জন। এর মধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় ২৬ জন করে, বরিশালে ১৩ জন, বরগুনায় ৭ জন, ভোলায় ২ জন রোগী শনাক্ত হয়েছে। তবে পটুয়াখালীতে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। নতুন ৭৪ জন রোগী নিয়ে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৮৬৮। এ পর্যন্ত বিভাগের করোনায় মারা গেছেন ২৯৮ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ৫০৩ জনের মৃত্যু হলো। এ হাসপাতালে করোনায় মারা গেছেন ২০২ জন।

তিন জেলা নিয়ে উদ্বেগ
বরিশাল বিভাগে করোনা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। এই বিভাগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসের শুরুতে। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনে মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ অনেকটা কমে এলেও ১৬ জুনের পর তা বাড়তে থাকে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি—এই তিন জেলায় এক সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। ১৭ থেকে ২৬ জুন, এই ১০ দিনে বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮১১ জন, যা বিভাগে শুরু থেকে এ পর্যন্ত হওয়া মোট সংক্রমণের ৪ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে বরিশাল জেলায়ই ২৯৭ জন, পিরোজপুরে ২১২ জন এবং ঝালকাঠিতে ১৫২ জন। বাকিরা অন্য তিন জেলার।

সড়কপথে গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং রাজশাহীসহ উত্তরাঞ্চলের যোগাযোগ রয়েছে। প্রতিদিন এসব অঞ্চলের মধ্য দিয়ে শত শত বাসে হাজার হাজার লোক যাতায়াত করেছে। পিরোজপুর ও ঝালকাঠি জেলা হচ্ছে বরিশাল বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রানজিট পয়েন্ট। ফলে, এই তিন জেলায় সংক্রমণ পরিস্থিতি খারাপ হচ্ছে।

এই তিন জেলায় হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে বলে মনে করছেন বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে তাঁরা বলেন, সড়কপথে গোটা দক্ষিণাঞ্চলের সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং রাজশাহীসহ উত্তরাঞ্চলের যোগাযোগ রয়েছে। প্রতিদিন এসব অঞ্চলের মধ্য দিয়ে শত শত বাসে হাজার হাজার লোক যাতায়াত করেছে। পিরোজপুর ও ঝালকাঠি জেলা হচ্ছে বরিশাল বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রানজিট পয়েন্ট। ফলে, এই তিন জেলায় সংক্রমণ পরিস্থিতি খারাপ হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, ইতিমধ্যে পিরোজপুরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পিরোজপুরের সীমান্ত জেলা বাগেরহাটেও এই ধরন শনাক্ত হওয়ার পাশাপাশি সেখানেও সংক্রমণ অনেক বেড়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার পিরোজপুর ও ঝালকাঠিতে সবচেয়ে বেশি, অর্থাৎ ২৬ জন করে। শনাক্তের হার দ্বিতীয় সর্বোচ্চ বরিশাল জেলায়; এই সংখ্যা ১৩ জন। এ তিন জেলার সংক্রমণ নিয়েই বেশি উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তিন জেলায় যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে বাকি জেলাগুলোতেও তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

ভিড় বাড়ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
তিন জেলায় সংক্রমণ বৃদ্ধির পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল সূত্র জানায়, সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১১টি শয্যার সব কটিই মুমূর্ষু রোগীতে পূর্ণ ছিল। গুরুতর শ্বাসকষ্ট নিয়ে আরও বেশ কয়েকজন রোগী অপেক্ষমাণ থাকলেও আইসিইউতে শয্যা পাচ্ছেন না। আজ সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ও পর্যবেক্ষণ ওয়ার্ড ৯৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ৬২ জনের ফলাফল করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৩২ দশমিক ৯৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘এই বিভাগে এক সপ্তাহ ধরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ায় আমরা উদ্বিগ্ন। এরই মধ্যে পিরোজপুরের চারটি পৌর শহর লকডাউন করা হয়েছে। আজ শনিবার থেকে তা কার্যকর হয়েছে। একই সঙ্গে আগামী ২৮ জুন থেকে সারা দেশ কঠোর লকডাউনের আওতায় আসবে। এখন এই কঠোরতা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও বলেন, এই বিভাগে সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষা করতে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও যেন নমুনা পরীক্ষায় আওতায় আনা হয়, সে উদ্যোগ নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।