বরিশাল বিভাগে সংক্রমণের গতি বেশি বরিশাল-পিরোজপুর জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ও হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৫২৮টি। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৯ শতাংশ।

বরিশাল বিভাগে করোনার তৃতীয় ঢেউয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ও হার এটি। বরিশাল ও পিরোজপুর জেলায় প্রতিদিন সর্বোচ্চ হারে রোগী শনাক্ত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ১১৭ জনের। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৩৮। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশালে ৬৫, পটুয়াখালীতে ১৪, ভোলায় ১৩, পিরোজপুরে ৪৩, বরগুনায় ৮ ও ঝালকাঠিতে ৯ জন আছেন।

স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে বরিশাল ও পিরোজপুর জেলায় সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। এবারও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে সর্বোচ্চ ৬৫ জনই বরিশালের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ জন পিরোজপুরের। এর আগের ২৪ ঘণ্টায়ও বরিশালে সর্বোচ্চ ৫০ ও পিরোজপুরে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দুই জেলায় সংক্রমণ বেশি হওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো অনুসন্ধান করে দেখা হয়নি। তবে প্রাথমিকভাবে যে পর্যবেক্ষণ, তাতে পিরোজপুর ও বরিশালের সঙ্গে সরাসরি সীমান্তের জেলাগুলোর সড়ক যোগাযোগ আছে। এ ছাড়া পিরোজপুর জেলা খুলনা, বাগেরহাটের সীমান্তে অবস্থিত হওয়ায় এই জেলা থেকেই সংক্রমণ শুরু হয়। এরপর তা গোটা বিভাগে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আগেও এমনই হয়েছে।