বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১২ জনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনার সংক্রমণে ৮ ও উপসর্গে ৪ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশাল জেলার ৪ জন, ভোলার ২, বরগুনা ও পটুয়াখালীর ১ জন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৬১৮। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ জন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এ হাসপাতালে ৯২৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৩ জুন বিভাগে শনাক্তের হার ছিল ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। এরপর শনাক্তের হার বাড়তে শুরু করে। জুলাই মাসে বিভাগে সংক্রমণের হার সর্বোচ্চ ৪৬ শতাংশে পৌঁছায়। ৭ আগস্টের পর থেকে সংক্রমণের হার নিম্নমুখী হতে শুরু করে। তবে এ হার ৩০-এর কাছাকাছি ছিল। মঙ্গলবার ও বুধবার তা ২০ শতাংশের নিচে নেমে যায়। আজ তা আবার বেড়ে ২০ শতাংশের ওপরে উঠেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ১০ দিন ধরেই বিভাগে সংক্রমণের হার কিছুটা কমেছে। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।