বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৮৭৩ জনের নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৪০ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এর মধ্যে পটুয়াখালীর ৫ জন, পিরোজপুরের ২ ও বরগুনার ১ জন রয়েছেন। তাঁরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন ২৩১ জন নিয়ে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৬১ জন, পটুয়াখালীতে নতুন ১২৩ জন নিয়ে মোট ৪ হাজার ২৫২, ভোলায় নতুন ১৪৩ জন নিয়ে মোট ৩ হাজার ৬৫৮, পিরোজপুরে নতুন ৮৪ জনসহ মোট ৪ হাজার ৩১৮, বরগুনায় নতুন ৮২ জন নিয়ে মোট ২ হাজার ৮৫৬ ও ঝালকাঠিতে নতুন ৭৫ জন নিয়ে মোট ৩ হাজার ৯৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হারে বিভাগের ছয় জেলার মধ্যে সর্বোচ্চ হার বরিশাল জেলায় ৪২ দশমিক ৫৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ভোলা জেলায় ৪০ দশমিক ০৬ শতাংশ। পিরোজপুর, ঝালকাঠিতে জুলাইয়ের শুরু থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলেও গত দুদিন কিছুটা কমেছে। তবে বরগুনা জেলায় জুলাইয়ের শুরু থেকেই মৃত্যুর হার সবচেয়ে বেশি। ১ জুলাই বিভাগে মৃত্যর হার ছিল ১ দশমিক ৭৪। ওইদিন বরগুনা জেলায় মৃত্যু হার ছিল ২ মধমিক ০৮ শতাংশ। এরপর এ হার আর কমেনি বরং বাড়তে থাকে। আজ শুক্রবার সকাল পর্যন্ত বরগুনায় মৃত্যুর হার ছিল ২ দশমিক ৩১ শতাংশ। বিভাগে এই হার ১ দশমিক ৪০ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, বিভাগে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এক মাস ধরে সংক্রমণ ও মৃত্যু দুটিই বাড়ছে। এমন পরিস্থিতিতে সবাইকে টিকা নিতে উদ্যোগী হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।