বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৫৮ জনের, মৃত্যু ৮
বরিশাল বিভাগে গত দুই মাসের মধ্যে করোনা শনাক্তের হার সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল গতকাল সোমবার। কিন্তু সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় দেখা গেছে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৩১ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ১। আর করোনায় ৫ জন ও উপসর্গে মারা গেছেন ৩ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ মঙ্গলবার এসব তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২৫। এই সময়ে করোনায় একজন এবং উপসর্গে মৃত্যু হয় তিনজনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে বরিশালে ২ জন এবং বরগুনা, ভোলা ও পিরোজপুরে ১ জন করে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৬৩৬। বিভাগে মৃত্যুহার ১ দশমিক ৪৮। তবে বরগুনায় ২ দশমিক ৪৬।
উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৫৮, পটুয়াখালীতে ২০, ভোলায় ৪৯, পিরোজপুরে ৮, বরগুনায় ১৭ ও ঝালকাঠিতে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ১৫ দিন ধরেই বিভাগে সংক্রমণের হার কম। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, সংক্রমণের হার টানা দুই সপ্তাহ ৫ শতাংশের মধ্যে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা হয়। করোনার সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।