বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬৬৯, মৃত্যু ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে করোনা সংক্রমণের হার চার দিন ধরে কমতে শুরু করেছে। এতে হাসপাতালগুলোতে রোগীদের চাপ কমেছে। তবে মৃত্যুর হার কমেনি। গত ২৪ ঘণ্টায় (সোমবার থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) বিভাগে ২ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৬৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ২৯ শতাংশ। এই সময়ে করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গিয়েছিলেন। ১ হাজার ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩৮৮ জনের।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন করোনায় এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা যান। করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে বরিশালে ৫ জন, ভোলায় ৩ এবং পটুয়াখালী ও পিরোজপুরে ১ জন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮৩। বিভাগে মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ।

অপর দিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গে মারা গেছেন ৮৯১ জন। তাঁদের মধ্যে ১৩৭ জনের নমুনা পরীক্ষার ফল অপেক্ষমাণ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে বরিশালে সর্বোচ্চ ৩০৫ জন। পটুয়াখালীতে ৯১, ভোলায় ৯২, পিরোজপুরে ৯৯, বরগুনায় ৫৮ ও ঝালকাঠিতে ২৪ জন। এ নিয়ে বিভাগে গত বছরের এপ্রিল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৩৫৩। সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৫৬ জন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বিভাগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় গত মে মাসে। এরপর জুলাই মাসে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। পুরো জুলাই মাসে সংক্রমণের হার ৩৯ থেকে ৪৬ শতাংশের মধ্যে ছিল। আগস্টে এসেও এই হার অব্যাহত ছিল। কিন্তু ৭ আগস্ট থেকে এই হার নিম্নমুখী হতে শুরু করে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৬ থেকে ২৯ দশমিক ১৭ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

শনাক্তের হার কমে যাওয়ায় দুই দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোগীদের ভিড়ও কমেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই হাসপাতালে ২১৫ জন রোগী ভর্তি ছিলেন। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল ২২৭। এই হাসপাতালের ২৬টি আইসিইউ শয্যার সব কটিতেই বর্তমানে রোগী ভর্তি আছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণের হার কিছুটা কমলেও এখনই বলার সময় আসেনি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ জন্য আরও বেশ কয়েক দিন অপেক্ষা করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, নমুনার বিপরীতে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে গণ্য করা হয়।