বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৪০ শতাংশ, মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪০ দশমিক ১১। একই সময়ে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের বরিশাল জেলার ১৫০ জন, পটুয়াখালীর ৫০, ভোলার ৪৪, ঝালকাঠির ৬৫, বরগুনার ২৪ ও পিরোজপুরের ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে করোনায় ছয়জনের মৃত্যু হলো। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৯ হাজার ৮৪৩।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না, বরং বাড়ছে। ঘরে ঘরে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা ছড়িয়ে পড়েছে। এ মুহূর্তে আলাদাভাবে পরিবারের বয়স্ক মানুষের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প নেই।