বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, সংক্রমণ ৪২ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪১ দশমিক ৬৩। এর আগের ২৪ ঘণ্টায় ৭৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ছিল ৪১। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ১৩৪, পটুয়াখালীতে ৪১, ভোলায় ৫০, পিরোজপুরে ৫৭, বরগুনায় ২৯ ও ঝালকাঠিতে ৫০ জন আছেন। করোনায় শাহিদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তাঁর বাড়ি বেতাগী উপজেলায়। গত বছরের ৫ অক্টোবর সর্বশেষ বিভাগে করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, এবার করোনাভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। তবে অধিকাংশেরই উপসর্গ মৃদু। এ কারণে মানুষ হাসপাতালমুখী হচ্ছেন কম। এমনকি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও রোগী কম। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।